ধোনি-কোহলি কেউ নন, অধিনায়ক রাহানে

মহেন্দ্র সিং ধোনি নন। বিরাট কোহলিও নন। এমনকি সুরেশ রায়নাও নয়। যে অজিঙ্কা রাহানেকে বাদ দেওয়া নিয়ে শোরগোল হলো, তাঁর হাতেই আপাতত ভারতীয় দলের নেতৃত্ব ভার! না, এর ভেতরে দলের মধ্যে কথিত দলাদলির কারণ খুঁজে লাভ নেই। টানা ক্রিকেটের ধকল সামলাতেই নিয়মিত দলের অনেক খেলোয়াড়কে বিশ্রামে রেখে ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ে সফরের দল। ধোনি, কোহলি, রায়না—তিনজনই বিশ্রামে থাকায় প্রথমবারের মতো ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রাহানে।
সর্বশেষ বাংলাদেশ সফরে সিরিজ হেরে যাওয়া দলের আটজনকে রাখা হয়নি। বেশির ভাগই বিশ্রামে। তবে কারও কারও বিশ্রাম অবশ্য ‘বাধ্যতামূলক’। ওপরের তিনজনের পাশাপাশি দলে নেই রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা আর উমেশ যাদবও। শেষ দুজন আসলে ফর্মের কারণে বাদ পড়েছেন। যাদবকে ‘এ’ দলের হয়ে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়া সফরে।
বাংলাদেশ সফরে টেস্ট দলে ফেরা হরভজন সিং এবার ওয়ানডে দলেও ফেরার সুযোগ পাচ্ছেন। চার বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। মুরালি বিজয়, মনোজ তিওয়ারি, রবিন উথাপ্পা আর কেদার যাদবও ফিরেছেন ভারতীয় দলে। এর মধ্যে যাদবের নামটি চমকেরই। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ বছর বয়সে ওয়ানডে অভিষেক হয়েছিল যাদবের। ওই ম্যাচ খেলেই আবার বাদ পড়েছেন। দলে নতুন মুখ সন্দীপ শর্মা।
আগামী মাসের এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। দুই বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে তারা। ২০১৩ সালের সফরে কোহলির নেতৃত্ব ভারত জিতেছিল ৫-০ ব্যবধানে।