ধোনি-কোহলির সমস্যা নেই, বললেন শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি-কোহলি একে অন্যের জন্য খেলে। ছবি: এএফপি
ধোনি-কোহলি একে অন্যের জন্য খেলে। ছবি: এএফপি

বাংলাদেশ সফরের মধ্যেই ব্যাপারটা চাউর হয়। ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমে নাকি শুরু হয়ে গেছে ‘টাগ অব ওয়ার।’ এই লড়াইয়ের দুইপ্রান্তে আছেন দুই মহারথী। মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি। এই দুজনের ব্যক্তিত্বের লড়াইয়ে ভারতীয় দলের অন্দরমহলের পরিবেশ নাকি বিষিয়ে উঠেছে এরই মধ্যে। ধোনির সাবেক এক কোচ তো টেলিভিশন টকশোতে বলেই দিয়েছেন, তাঁর শিষ্য নাকি এই মুহূর্তে ভুগছে প্রচণ্ড মানসিক অশান্তিতে!
বাংলাদেশে সিরিজ হার এই আলোচনা আরও উষ্কে দিয়েছে। ভারতের অনেক গণমাধ্যমও জল্পনা-কল্পনা চালিয়ে যাচ্ছে এই দুই তারকার মধ্যকার দ্বন্দ্ব নিয়ে। ঢাকায় একটি ওয়ানডে ম্যাচের পর স্টারস্পোর্টসের সঙ্গে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে দলের ‘পরিকল্পনা’ নিয়ে প্রশ্ন তুলে কোহলি এই জল্পনাকে আরও প্রকট করে তোলেন।
আসলেই কী এই দুই তারকার দ্বন্দ্ব আকাশ ছুঁয়েছে? ভারতীয় ক্রিকেট দলের পরিচালক রবি শাস্ত্রী অবশ্য এক কথায় উড়িয়ে দিয়েছেন সব। বলেছেন, ধোনি-কোহলি একে অন্যের জন্য খেলে। এই দুজনের মধ্যে দ্বন্দ্বের যাবতীয় খবর ভিত্তিহীন। উর্বর মস্তিষ্কের কল্পনা। এই দুই তারকা একে অন্যের জন্য খেলেন দেখেই গত মৌসুমে সত্তর শতাংশ ম্যাচ জিতেছে ভারতীয় দল।
কোহলি সম্পর্কে রবি শাস্ত্রীর মন্তব্য ‘কোহলির বয়স ২৬। তাঁকে সময় দিতে হবে। সে এখনো বেশ ছটফটে, অস্থির। তাঁকে পরিণত হতে হবে। দুই বছর অধিনায়কত্ব করলেই সব ঠিক হয়ে যাবে।’
ধোনিকে ‘সর্বকালের অন্যতম সেরা’ হিসেবে অভিহিত করেছেন শাস্ত্রী। বলেছেন, ‘সে কোনো কিছু না ভেবে একেবারেই নিজের মতো থাকতে পছন্দ করে। দেখুন, ওর ওপর কোনো চাপ ছিল না, তারপরেও সে টেস্ট থেকে অবসর নিল। অন্য কোনো ক্রিকেটার ধোনির জায়গায় থাকলে সে যেকোনো মূল্যে একশ টেস্ট খেলার চেষ্টা করত।’
বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে সিরিজ হার ভারতীয় দলকে আরও পরিণত করবে বলেই ধারণা শাস্ত্রীর। এভাবে শিখতে শিখতেই ভারতীয় দল নিজেদের নিয়ে যাবে আরও ওপরে।’ সূত্র: আইএএনএস।