ধোনি-জাদু কি তবে ফুরাল?

কদিন আগেও কথাটা উঠেছিল, আইসিসির টুর্নামেন্ট হলেই মহেন্দ্র সিং ধোনির কী এক আশ্চর্য জাদুমন্ত্রের ছোঁয়ায় বদলে যায় ভারত!
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরুন। রীতিমতো চমকে দিয়েই সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। অথচ সে বছরই আসল বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে প্রথম পর্বে বিদায় নেওয়ার পর বিরাট ধাক্কা; ওলট-পালট ভারতীয় ক্রিকেট। সংক্ষিপ্ত সংস্করণে দায়িত্ব পাওয়ার পর ধোনির প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ ছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রথম সুযোগেই সাফল্য পেয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’! এরপর তাঁরই নেতৃত্বে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ জয়, ২০১৩ ইংল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে চ্যাম্পিয়নস ট্রফি জয়। ধোনিই একমাত্র অধিনায়ক, যাঁর অধীনে দল জিতেছে আইসিসির তিনটি টুর্নামেন্টই।
গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বাজে সময়ের মধ্য দিয়েই যাচ্ছিল ভারত। ভুলে যাওয়ার মতো নিউজিল্যান্ড সফর ও এশিয়া কাপে বাজে ফর্মের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জিতে ভারত উঠেছিল ফাইনালে। কিন্তু শিরোপাটা আর ছুঁয়ে দেখা হয়নি। মিরপুরে ভারতকে দর্শক বানিয়ে শিরোপা উৎসবে মেতেছিল শ্রীলঙ্কা। আর এবার বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছিল, জয়হীন ছিল ত্রিদেশীয় সিরিজেও। অথচ সেই ভারত টানা সাত ম্যাচ জিতে উঠল সেমিফাইনালে। তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে শোচনীয় পরাজয়ে বিদায়।
প্রশ্নটা এখানেই। সর্বশেষ দুটো আইসিসি টুর্নামেন্টে টানা কয়েক ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ সময়ে কেন বাজেভাবে হারল ভারত? তবে কি মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ধোনির সেই ‘জাদু’ আর কাজ করছে না? ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকা তো কারণ হিসেবে লিখেছে, ‘এমএস ধোনি টায়ার্ড...’
গতকাল ম্যাচ শেষেই প্রশ্ন করা হলো তাঁকে-আগামী বিশ্বকাপ খেলবেন? জবাবে ধোনিকে বলতে হয়েছে, ‘আমি এখনো নিশ্চিত নই। আমার বয়স ৩৩, এখনো খেলছি, এখনো ফিট।’ সংবাদ সম্মেলনেও প্রশ্নটা করা হলো, আগামীকালই অবসর নেওয়ার সিদ্ধান্তটা জানিয়ে দেবেন না তো? রসিকতার ছলে ধোনির উত্তর, ‘আমার শারীরিক অবস্থা নিয়ে কাটাছেঁড়া করুন, গবেষণা করুন। তার পর যা মনে হয়, তার উল্টোটা লিখে দিন।’ অথচ গত ডিসেম্বরে যখন সিরিজ চলার সময় টেস্ট থেকে আকস্মিক অবসর নিলেন, তখন কিন্তু উল্টো প্রশ্নটাই উঠেছিল, ‘কেন এমন বিদায় নিলেন ধোনি? ’ সাফল্যের বিচারে ধোনির অধিনায়কত্ব বরাবরই প্রশংসনীয়। তবে কেন ম্যাচ শেষে তাঁর বিদায় নিয়ে এত প্রশ্ন?
আসলে যখন জাদু কাজ করে না, তখন দর্শকেরা ‘ব্যর্থ জাদুকর’কে কিছুতেই দেখতে চান না মঞ্চে। এটাই রীতি। খেলাধুলায় এ রীতিটা যেন আরও বেশি প্রবল।