ধোনি-ব্রাফেটের ভিন্নমত
প্রথম টি-টোয়েন্টিটা উপহার দিয়েছিল রুদ্ধশ্বাস উত্তেজনা, আর অনেকগুলো রেকর্ড। পরশু দ্বিতীয় ম্যাচটি আরও রুদ্ধশ্বাস উত্তেজনা উপহার দিত কি না কে জানে! বৈরী আবহাওয়া, বাজে আউটফিল্ড ও সম্প্রচারের কারিগরি ত্রুটিতে দেরিতে শুরু—এই তিনে মিলে ম্যাচটাই যে পরিত্যক্ত হয়ে গেল।
ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টিটা যে পরিত্যক্ত হলো তাতে শেষ পর্যন্ত কাঠগড়ায় বাজে আউটফিল্ড। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেট মনে করেন আউটফিল্ড খেলার অনুপযোগী ছিল। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য মাঠকে দুষছেন না। এর চেয়ে আরও বেশি খারাপ মাঠেও নাকি তাঁর খেলার অভিজ্ঞতা আছে।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয়রা ২ ওভারে ১৫ রান তোলার পরই বন্ধ হয়ে যায় খেলা। মিনিট পনেরোর ঝড়-বৃষ্টির পর প্যাভিলিয়ন প্রান্তে বোলারদের রানআপের কয়েক জায়গায় পানি জমে যায়। মাঠের পশ্চিম অংশে ৩০ গজি বৃত্তের সীমানায়ও পানি জমে। এসব দেখেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্রাফেট সমর্থন করেছেন এ সিদ্ধান্তকে, ‘সবকিছু দেখে আমার কাছে অনিরাপদ মনে হয়েছে। আউটফিল্ডে বলের পেছনে দৌড়াতে গিয়ে পড়ে কারও ক্যারিয়ারও শেষ হতে পারত।’
ধোনি অবশ্য মাঠ খেলার উপযুক্ত ছিল বলেই মনে করেন, ‘সিদ্ধান্তটা ম্যাচ অফিশিয়ালরা নিয়েছেন। আমি ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, স্পষ্ট করেই বলি আমি এর চেয়েও বাজে পরিস্থিতিতে খেলেছি। ২০১১ সালে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজটা তো পুরো বৃষ্টির মধ্যেই খেললাম।’
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় খুশি নন। তবে ধোনি অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরও বড় টুর্নামেন্ট খেলতে চান, ‘আমরা আবার এখানে ক্রিকেট খেলতে ফিরতে পারি, সেটি তিন বা চার জাতির টুর্নামেন্টও হতে পারে। এখানে দর্শক আসবেই। ক্রিকেটের জন্য খুব ভালো ভেন্যু এটা।’ এএফপি, ক্রিকইনফো।