
বোবা স্কোরকার্ডটা কত রোমাঞ্চই না লুকিয়ে রাখে! সংখ্যায় সাজানো তার বহিরঙ্গ দেখে সেই রোমাঞ্চ বোঝার সাধ্য কার! দিল্লি টেস্টের স্কোরকার্ডটাই দেখুন না। যেটি বলছে, ভারতের দেওয়া ৪৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে মাত্র ১৪৩ রানে। যেখানে শুধু লেখা থাকবে, ম্যাচটা ৩৩৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত।
কিন্তু শুধু এই স্কোরকার্ড দেখে কে বুঝবে, দক্ষিণ আফ্রিকার পাহাড়সমান প্রতিরোধ আর ভারতীয় বোলারদের একটু একটু করে সেই পাহাড়টাকে ভেঙে ফেলার কী এক অসাধারণ রোমাঞ্চ উপহার দিল দিল্লি টেস্ট! এমনিই তো আর ম্যাচ শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেননি, ‘সব জয়ই আনন্দের, তবে এটা বিশেষ কিছু। কারণ এ জয়ের জন্য আমাদের ভীষণ পরিশ্রম করতে হয়েছে। যেভাবে ওরা প্রতিরোধ গড়েছিল এবং ড্রয়ের জন্য খেলছিল, আমরা বিস্মিত হয়েছিলাম। কিন্তু বোলারদের বলেছিলাম ধৈর্য না হারাতে।’
লড়াইটা আসলে ধৈর্যেরই ছিল। ভারতের বোলারদের জন্য যতটা, তার চেয়েও বেশি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের জন্য। আগের দিন শুরু সেই দীর্ঘ লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে অনেকটা পথ এগিয়ে দিয়েছিলেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। কিন্তু কাল দিনের ১৩তম ওভারেই ভাঙল আমলার ২৮৮ মিনিটের প্রতিরোধ। ২৫ রানে জাদেজার বলে বোল্ড হওয়ার আগে প্রোটিয়া অধিনায়ক খেলেছেন ২৪৪ বল আর ডি ভিলিয়ার্সের সঙ্গে গড়েছেন ২৫৩ বলের জুটি। ডি ভিলিয়ার্স তারপরও লড়ে যাচ্ছিলেন। ফাফ ডু প্লেসিকে নিয়ে পার করে দিয়েছিলেন আরও ৩৫ ওভার। লাঞ্চের আধা ঘণ্টা পর জাদেজাই ডু প্লেসিকে আউট করে নাড়িয়ে দেন সেই প্রতিরোধের ভিত। নাড়িয়ে দিয়েছিল ডু প্লেসির সেই আউট, ধসিয়ে দিল ১৩৮.৫ থেকে ১৪১ ওভার পর্যন্ত ১৪টি বল! যে ১৪ বলের ভূমিকম্পে ফিরে গেলেন ডেন ভিলাস, ডি ভিলিয়ার্স ও কাইল অ্যাবট।
এর মধ্যে ডি ভিলিয়ার্সের আউটটাই সবচেয়ে বড় সর্বনাশ করল দক্ষিণ আফ্রিকার। ২৯৭ বল আর ৩৪৫ মিনিট স্থায়ী তাঁর ইনিংসটা শেষ হলো রবিচন্দ্রন অশ্বিনের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে, ৪৩ রানে। টেস্টে সবচেয়ে বেশি সময় ব্যাটিং করেও ফিফটি না করার নতুন রেকর্ড গড়েছেন এ যুগের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান, ওয়ানডে ক্রিকেটে যাঁর ৩১ বলে সেঞ্চুরিই আছে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাঁচিয়ে ফেললে এই ইনিংসটিও ভি ভিলিয়ার্সের কাছে একই রকম স্মরণীয় হয়েই থাকত। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ শেষে এসে ধসেই পড়ল। ১১৯.৫ ওভারে যেখানে ৩ উইকেট পড়েছিল, পরের ২৩.১ ওভারেই নেই শেষ ৭ উইকেট। টেস্টের এক নম্বর দলটিকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে র্যাঙ্কিংয়ের চার থেকে দুই নম্বরে উঠে এল ভারত।
তবে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন, দিন শেষে এটাই সান্ত্বনা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলার, ‘আমার মনে হয় না, কেউই ভেবেছিল আমরা জিতব। ম্যাচ বাঁচানোর জন্য সর্বোচ্চ যা করা যায়, আমরা সেটাই করেছি। আমরা চেষ্টা করেছি এবং নিজেদের উজাড় করে দিয়ে লড়েছি।’ তথ্যসূত্র: স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।