ধোঁয়াশাতেই জিম্বাবুয়ের পাকিস্তান সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোঁয়াশা কাটেনি জিম্বাবুয়ের পাকিস্তান সফর নিয়ে। কালও পাওয়া গেছে পরস্পরবিরোধী তথ্য। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান কাল বললেন, সময়মতোই আসছে জিম্বাবুয়ে দল, ‘আমি (শুক্রবার) সকালে জেডসি প্রেসিডেন্ট উইলসন মানাসের ফোন পেয়েছি। তিনি বলেছেন সফরের ব্যাপারে সরকারের সবুজসংকেত পেয়েছেন তাঁরা। এখন অপেক্ষা করছি লিখিত নিশ্চয়তার জন্য। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে সেটাও পেয়ে যাব।’
কিন্তু কাল রাতে এই প্রতিবেদন লেখার সময়ও লিখিত সেই নিশ্চয়তা পৌঁছায়নি পিসিবির কাছে। উল্টো জেডসির প্রধান নির্বাহী উইলফ্রেড মুকোনডিয়া বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এখনো কিছু নিশ্চিত হয়নি, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এখনো চূড়ান্ত কিছু বলার সময় হয়নি।’ এএফপি, রয়টার্স।
ছয় বছর পর প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে জিম্বাবুয়ের পাকিস্তান সফরটা প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু পরশু হঠাৎ করেই জিম্বাবুয়ে জানিয়ে দেয় নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে পাকিস্তান সফর। কিন্তু ১৬ মিনিট পর আরেকটি বিবৃতিতে সফর বাতিলের খবর অস্বীকার করে জেডসি।