ধোনি কেন কাশতে কাশতে নুইয়ে পড়ছিলেন

মাঠে এভাবে ভুগতে হয়েছে ধোনিকে।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে নেমেছিলেন পাঁচে। জয় থেকে তখনো ৮৪ বলে ১২৯ রানে পিছিয়ে ছিল চেন্নাই। ম্যাচ শেষ করে আসায় সিদ্ধহস্ত ধোনি এই ম্যাচটা অবশ্য জিতিয়ে আসতে পারেননি। অপরাজিত থাকলেও দল হেরেছে ৭ রানে। এই ধোনি সমর্থকদের কাছে ঠিক কতটা চেনা? কিংবা উইকেটে কাশতে কাশতে নুইয়ে পড়ছেন—এমন ধোনি-ই বা কতটা চেনা?

সহজ উত্তর—অচেনা। আপামর ক্রিকেটপ্রেমীদের কাছে ধোনি মানে রান তাড়া করে জয়কে অভ্যাস বানিয়ে ফেলা ব্যাটসম্যান। ৩৯ বছর বয়স হয়তো এখন এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিংবা দু-এক বছর ধরে এই বয়সের ভারে ম্যাচ জিতিয়ে আসার বিদ্যেয় হয়তো মরিচা পড়েছে। তবু ধোনি এমন পরিস্থিতিতে মাঠে নামা মানে আশার পাল ছোটান সমর্থকেরা। কাল সেই পাল ফুটো হলেও সমর্থকদের ভাবনাজুড়ে ছিল আরও এক দুশ্চিন্তা—ব্যাট করতে নেমে মাঝে-মধ্যেই কাশি থামাতে পারছিলেন না ধোনি। কাশির দমকে উইকেটের এক পাশে দাঁড়িয়েছেন মাথা নুইয়ে। ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকা ধোনি এমনিতে এই বয়সেও অন্যতম ফিট ক্রিকেটারদের একজন। তবু আরব আমিরাতের গরম আবহাওয়া কাল তাঁকে একটু হলেও কাত করে ফেলেছিল।

ম্যাচ শেষ এর ব্যাখ্যাও দিয়েছেন চেন্নাই অধিনায়ক—গলা শুকিয়ে যাওয়ায় কাশি উঠে এসেছিল। সংবাদমাধ্যমকে ধোনি বলেন, ‘এখানকার আবহাওয়া অনেক শুকনো। গলা শুকিয়ে আসায় কাশতে শুরু করি। বৈধভাবেই কিছু সময় বিরতি নিয়েছি।’ ধোনি মাঠে থাকতেও হারতে হয়েছে চেন্নাইকে, এমন দৃশ্য তেমন পরিচিত নয়। ব্যাখ্যায় ক্রিকেটীয় সব কারণই বললেন চেন্নাই অধিনায়ক, ‘অনেক ডেলিভারি মাঝ ব্যাটে লাগাতে পারিনি। একটু বেশি জোরে মারার চেষ্টা করছিলাম। উইকেট একটু মন্থর হওয়ায় টাইমিং করাই ছিল মূল উদ্দেশ্য। আউটফিল্ড দেখে অবচেতন মনেই মারার চেষ্টা করছিলাম।’

কাশি ঠেকাতে না পেরে মাঠেই হাঁটু গেড়ে বসে পড়েছিলেন ধোনি।
ছবি: টুইটার

কাল একাদশে তিনটি পরিবর্তন এনেও টানা তিন হার ঠেকাতে পারেননি ধোনি। ভারতের সাবেক অধিনায়ক জানালেন, দ্রুতই সমাধান খুঁজে বের করতে হবে তাঁদের, ‘সর্বশেষ আমরা টানা তিন ম্যাচ হেরেছি বহু আগে। আমাদের অনেক কিছু ঠিকভাবে করতে হবে। এটাই পেশাদারি। ক্যাচ নিতে হবে, নো বল করা যাবে না। এসব তো করাই যায়, আমরা সম্ভবত বেশি ফুরফুরে মেজাজে আছি।’