ধোনি-কোহলিদের নিয়ে কুম্বলের 'ড্রাম' সেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই ড্রাম নিয়ে মেতেছিলেন কোহলিরা। ছবি: সংগৃহীত।
এভাবেই ড্রাম নিয়ে মেতেছিলেন কোহলিরা। ছবি: সংগৃহীত।

মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলিদের কাছে এমন ‘সেশন’ রীতিমতো অভিনব। নতুন কোচ অনিল কুম্বলে দায়িত্ব নিয়েই যে ‘টিম বন্ডিং’ সেশনটা করালেন, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল সংগীত আর ড্রাম। কোহলি-ধোনিদের টুইটারে ঢুঁ মেরে দেখা গেছে, তারা সবাই হাতে ব্যাট-বল ছেড়ে মেতেছিলেন ড্রামের তালে। সংগীতের সুরমূর্ছনায় ড্রামের তালে তালে ভারতীয় ক্রিকেটাররা নতুন কোচের সঙ্গে কাটালেন মনে রাখার মতো কিছু সময়।
ব্যাপারটা এখানেই শেষ নয়। কুম্বলে নাকি গোটা দলকে এক সুতোয় গাঁথতে এখন থেকে নিয়মিতই গান-বাজনাকে অনুষঙ্গ বানাবেন।
সিনিয়র-জুনিয়র সবার হাতেই ছিল ড্রাম। সেশনে এসেছিলেন বিখ্যাত সংগীতশিল্পী বসুন্ধরা দাস। সঙ্গে ছিল তাঁর ব্যান্ড ‘ড্রাম জ্যাম’। বসুন্ধরা দাসের দলের গান আর বাদ্যের সঙ্গে বাজালেন ভারতীয় ক্রিকেটাররা প্রায় সবাই। বেঙ্গালুরুতে গতকাল রোববারের দুপুরটা তাই ছিল ভারতীয় ক্রিকেটারদের জন্য দারুণ আনন্দময়।

সংগীত কিংবা বাদ্যের ব্যবহার নিয়েও ব্যাখ্যাও মিলেছে। সংগীতের সুর নাকি খেলোয়াড়দের চাপমুক্ত রাখতে কার্যকর ভূমিকা পালন করে। একসঙ্গে গান গাওয়া কিংবা ড্রামের মতো বাদ্য–বাজনাতে খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ। বড়দের প্রতি শ্রদ্ধা কিংবা ছোটদের জন্য স্নেহের অনুভূতি বাড়িয়ে দেয় এ ধরনের সেশন।
এই সেশনে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন ভারতীয় ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও। কুম্বলের সঙ্গে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়, জুনিয়র নির্বাচক কমিটির প্রধান ভেঙ্কটেশ প্রসাদসহ জাতীয় নির্বাচক সন্দ্বীপ পাতিলও। সূত্র: এনডিটিভি।