ধোনি-কোহলির কাতারে জাদেজা

ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্রিকেট দলে সবচেয়ে বড় তারকা কে?

অবিসংবাদিতভাবে সবাই বিরাট কোহলির কথাই বলবেন। অন্যান্য তারকার প্রসঙ্গ উঠলে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, শিখর ধাওয়ানদের কথা আসবে। কজন একবাক্যে রবীন্দ্র জাদেজার নাম নেবেন? তেমন কাউকে হয়তো পাওয়া যাবে না।

ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার ভূমিকাটা অনেকটা এমনই। কোহলিদের মতো অতটা পাদপ্রদীপের আলো তেমনভাবে পান না ঠিকই, কিন্তু বছরের পর বছর ধরে নিজের কাজটা ঠিকই করে দিয়ে যান নীরবে-নিভৃতে।

সতীর্থ কিংবা কোচ, সবাই বোঝেন দলে তাঁর গুরুত্ব। কার্যকরী স্পিন, লোয়ার অর্ডারে কিছু রান কিংবা অবিশ্বাস্য ফিল্ডিং—সবকিছুতেই নিজের দাম বুঝিয়েছেন জাদেজা। এ জন্য এখনো দলের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন, সেটা যেই ফরম্যাটই হোক না কেন।

জাদেজার গুরুত্ব যে কতটা বেশি, সেটা বোঝা গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া মেলবোর্ন টেস্টে। এই টেস্টে খেলে ভারতের ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ন্যূনতম পঞ্চাশটা করে ম্যাচ খেলার কৃতিত্ব গড়লেন তিনি।

যে কৃতিত্ব এই দলের রোহিত, বুমরা, ধাওয়ান বা পান্ডিয়ার মতো তারকাদের কারোরই নেই। তালিকার বাকি দুই নাম কী কী, জানেন? মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি!

প্রথম টেস্টে ছিলেন না জাদেজা, ভারতও হেরে বসে শোচনীয়ভাবে। কোহলিবিহীন ভারত দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৮ উইকেটে। এই টেস্টে খেলেছেন জাদেজা।

দুর্দান্ত এক হাফ-সেঞ্চুরি করেছেন, দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন, ম্যাথু ওয়েড ও প্যাট কামিন্সের উইকেট। ক্যামেরন গ্রিন আর ওয়েডের ক্যাচ নিয়ে বড় বড় জুটিও ভেঙেছেন ম্যাচের বিভিন্ন পর্যায়ে।

কোহলির পরিবর্তে দলে ঢুকে বেশ ভালোই করেছেন জাদেজা, বলা যায় নিঃসন্দেহে।

দুই বছর ধরে ব্যাট ও বল—দুভাবেই জাদেজার পারফরম্যান্সের গ্রাফটা ঊর্ধ্বগামী। ২০১৬ সাল থেকে ৪৬.২৯ গড়ে রান তুলছেন, উইকেট পেয়েছেন ২৪.৯৭ গড়ে।

বাংলাদেশের সাকিব আল হাসান, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার কিংবা ইংল্যান্ডের বেন স্টোকসের চেয়েও যে পারফরম্যান্সকে ভালো বলা যায়। ২০০৯ সালে অভিষিক্ত জাদেজা এই পর্যন্ত ৫০টা করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন, ওয়ানডে খেলেছেন ১৬৮টি।

দুর্দান্ত এই অর্জনের পর টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জাদেজা, ‘মাহি ভাই (ধোনি) ও বিরাটের সঙ্গে একই তালিকায় স্থান পাওয়াটা আমার জন্য অনেক গর্বের। বিসিসিআই, আমার সব সতীর্থ, অন্য কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ আমাকে সমর্থন দেওয়ার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’