ধোনি-গম্ভীররা জানতেন ভারত বিশ্বকাপ জিতবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঠিক ছয় বছর আগে বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্বকাপ জয়ের ষষ্ঠ বার্ষিকীতে সেই অনন্য গৌরবগাথার অভিজ্ঞতা বর্ণনা করেছেন গৌতম গম্ভীর। ফাইনালের অন্যতম নায়ক ছিলেন এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারানো ভারত সামলে উঠেছিল গম্ভীরের ব্যাটে। ৯৭ রানের এক ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন। ধোনির সঙ্গে চতুর্থ উইকেটে তাঁর ১০৯ রানের জুটি ম্যাচের সব অনিশ্চয়তা মুছে দেয়।

অথচ ভারতের শুরুটা হয়েছিল চাপে পড়ে যাওয়ার মতো। তবে গম্ভীর জানালেন, ড্রেসিং রুমে এই প্রত্যয় ছিল সবার মধ্যে, ভারত বিশ্বকাপ জিততে যাচ্ছে, ‘লাসিথ মালিঙ্গার প্রথম বলটি যখন সীমানা ছাড়া করলাম, তখনই আমার স্নায়ু স্থিতিশীল হয়ে গিয়েছিল। স্নায়ুর চাপ যা ছিল, সেটি বিশ্বকাপ ফাইনালের জন্য নয়, একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলছি বলেই। একজন-দুজন খেলোয়াড় নয়; গোটা ড্রেসিং রুম বিশ্বাস করত আমরা বিশ্বকাপ জিততে যাচ্ছি।’
ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালের প্রতিটি মুহূর্তই উপভোগ করেছেন গম্ভীর, ‘এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে! ঘরের মাঠে আপনি বিশ্বকাপ জিততে রান তাড়া করছেন। এমন সুযোগ জীবনে আর না-ও আসতে পারে। তাই এর প্রতিটি মুহূর্তই উপভোগ করা উচিত। আমরা করেছি।’

সেই দিনটির কথা মনে করে ছয় বছর পরেও আপ্লুত হন গম্ভীর। তিনে ব্যাট করার কথা ছিল তাঁর। শেবাগ আউট হয়ে গেলেন ইনিংসের দ্বিতীয় বলে। ড্রেসিং রুমে ঠিকমতো নিজের আসনে বসেছেন কি বসেননি, তখনই মাঠে নামার তাড়া! গম্ভীর জানালেন, ‘বীরু (শেবাগ) যখন আউট হয়ে যায়, তখনো পুরোপুরি প্রস্তুতও ছিলাম না। দ্বিতীয় বলেই সে এলবিডব্লু হয়ে গেল। আমি তখন প্যাডও পড়িনি। রিভিউ নেওয়ায় কিছুটা সময় পাওয়া গেল। আমি তৈরি হয়ে নিলাম।’
ধোনির সঙ্গে সেই জুটিটা ভাঙে গম্ভীর ৯৭ রান করে ফিরে আসায়। শেষ পর্যন্ত ধোনি অপরাজিত থাকেন ৯১ রানে। যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে ২৮ বছর ভারতের হাতে এনে দেয় ওয়ানডে বিশ্বকাপের গৌরব। ধোনি বা গম্ভীর কেউ সেঞ্চুরি পাননি, কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ নিশ্চয়ই নেই। সূত্র: আইএএনএস।