ধোনি বিশেষ সমাদর পায় - বলেননি হরভজন!

আবহাওয়া একটু গুমোট হচ্ছিল মাত্র, ঝড়টাও আসি আসি করছে কেবল—এমন অবস্থাতেই সব শান্ত করে দিলেন হরভজন সিং। মহেন্দ্র সিং ধোনিকে এক নজরে দেখা হয় আর বাকিদের অন্য নজরে, এমন বোমা নাকি এই অফ স্পিনারের মুখ থেকে কোনোভাবেই বের হয়নি। অন্তত হরভজনের দাবি সেটাই।
দুদিন আগে সবাইকে নড়েচড়ে বসতে বাধ্য করল ভারতীয় সংবাদমাধ্যম। ইংল্যান্ডের এই টুর্নামেন্টের ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি হরভজনের। অথচ এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন এই অফ স্পিনার। সবচেয়ে কম ইকোনমি রেটে দেখিয়ে দিয়েছেন, ‘পুরোনো চাল ভাতে বাড়ে।’ তবু ওয়ানডে দলে জায়গা হয়নি তাঁর। কিন্তু তেমন কিছু না করেও ঠিকই সুযোগ হয়েছে ধোনির। এতেই নাকি চ্যাম্পিয়নস ট্রফির দলে ধোনির জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হরভজন। মন্তব্য নাকি করেছেন, ধোনি সব সময় বোর্ডের বিশেষ সমাদর পান! যেটা বাকিদের কপালে জোটে না। এই সংবাদ ছড়িয়ে পড়েছে দ্রুত। বিতর্ক উঁকি দিচ্ছিল। তখনই টুইটারে হরভজন দাবি করলেন, এমন কিছুই তিনি বলেননি। সংবাদমাধ্যমকে বরং মিথ্যা সংবাদ দেওয়ায় একেবারে ধুয়ে দিয়েছেন, ‘প্রিয় সংবাদকর্মীরা, দয়া করে সব সময় ভুল মন্তব্য ছড়াবেন না। কারণ যদি জানতে ইচ্ছে করে, আমি আসলেই কী বলেছি, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ধোনি আমার খুব প্রিয় এক বন্ধু, ও দুর্দান্ত খেলোয়াড়। আমি ওর দলে জায়গা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। তাই যা বলিনি, এমন কিছু ছড়াবেন না। শুধু নিজেদের ওয়েবসাইটের কাটতি বাড়াতে আর চমক জাগানো সংবাদ বানাতে কারও ভাবমূর্তি নষ্ট করবেন না।’ সূত্র: এএনআই।