ধোনি যেন বিধ্বস্ত ক্লান্তপ্রাণ নাবিক!

ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেট দলের শোচনীয় ব্যর্থতার পর যা হওয়ার হচ্ছে তা-ই। চারদিকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুণ্ডুপাত। ওভালে ইনিংস ও ২৪৪ রানের লজ্জাজনক হারের পর ধোনির অধিনায়কত্ব ছাড়ার দাবিটা যখন বেশ উচ্চকিত, ঠিক তখনই স্বয়ং ধোনির মুখে শোনা গেল অন্য কথা। এমন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ধোনির কণ্ঠে, ‘দেখাই যাক না, এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে লড়ে যাওয়ার ক্ষমতা ও সাহস আমার আছে কি না।’
ধোনির বিপক্ষে কারও কারও অভিযোগ গুরুতর। তিনি কি সত্যিই আন্তরিকভাবে ভারতের এই বিপর্যয় ঠেকানোর লড়াইটা চালিয়েছেন? ধোনি বলেছেন, তিনি চেষ্টার কোনো ত্রুটি করেননি। বরং সিরিজে এগিয়ে গিয়েও শোচনীয় হার মেনে নেওয়ার দায় টপঅর্ডার ব্যাটসম্যানদের, ‘সত্যি কথা বলতে কি, আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানদের ইংলিশ কন্ডিশন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। অন্ধের মতো ব্যাট চালানোর পরিণাম আমরা ভোগ করছি। আসলে ক্রমাগত ব্যর্থতায় টপঅর্ডারের আত্মবিশ্বাস বলতে সত্যি কিচ্ছু ছিল না।’
টেস্ট সিরিজ শেষ। কিন্তু লড়াই শেষ হচ্ছে না। সামনে ওয়ানডে। দিশেহারা জাহাজের নাবিকদের তাই শান্ত রাখতেই হচ্ছে কাপ্তানকে। ধোনি বলছেন, ‘দল একটা অভাবিত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা চাই। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে। লর্ডসে জেতার পরেও এই সিরিজটা হেরে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না।’
এদিকে ভারতের এই দলের টেস্ট খেলার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন সাবেক গ্রেট সুনীল গাভাস্কার, ‘টেস্ট খেলতে না পারলে খেলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ক্রিকেটারদের কোনো অধিকার নেই এভাবে দেশকে লজ্জার মুখে ফেলে দেওয়ার।’ এএফপি।