ধোনিই জেতালেন ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঁড়িয়ে ছিলেন খাদের কিনারায়। সেখান থেকে কী দুর্দান্তভাবেই না কাল ঘুরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি! ব্যাট হাতে অপরাজিত ৯২ রান করার পাশাপাশি নিয়েছেন ৪টি ক্যাচও। অধিনায়ক লড়াইয়ের মঞ্চটা তৈরি করেছেন ব্যাট হাতে, সেখানে জ্বলে উঠেছেন ভারতের বোলাররা। সে সুবাদেই দ্বিতীয় ওয়ানডেটি ২২ রানে জিতে ৫ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।
এমনিতে ইন্দোরে ৩টি ওয়ানডে খেলে ভারত হারেনি একটিতেও। কিন্তু ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে পাঁড় সমর্থকদের জয়ের কথা ভাবতে হয়তো সমর্থকদের বুক কেঁপেছে। ১৬৫ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল ২০০ রানের আগেই গুটিয়ে যাবে স্বাগতিকদের ইনিংস। শেষ পর্যন্ত যে ৯ উইকেটে ২৪৭ রানে পৌঁছাল সেটি মহেন্দ্র সিং ধোনির কৃতিত্বে। ৮৬ বলে ৯২ রান করা মহেন্দ্র সিং ধোনিকে যোগ্য সঙ্গ দিয়েছেন টেল এন্ডাররাই। ভুবনেশ্বর কুমারের সঙ্গে ৪১ ও হরভজন সিংয়ের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলকে দেন লড়াই করার ভিত্তি। ডেল স্টেইন ৪৯ রানে নেন ৩ উইকেট।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ২ উইকেটে ১৩৪ থেকে ২২৫ রানেই যে গুটিয়ে গেল প্রোটিয়ারা, তার পেছনে রয়েছে ভারতের দুর্দান্ত বোলিং। ৩টি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও ভুবনেশ্বর কুমার। এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়েছেন মোহিত শর্মা। সিরিজের তৃতীয় ওয়ানডে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজকোটে। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৪৭/৯ (রোহিত ৩, ধাওয়ান ২৩, রাহানে ৫১, কোহলি ১২, ধোনি ৯২*, রায়না ০, অক্ষর ১৩, ভুবনেশ্বর ১৪, হরভজন ২২, যাদব ৪, মোহিত ০*; স্টেইন ৩/৪৯, রাবাদা ১/৪৯, মরকেল ২/৪২, ডুমিনি ০/৫৯, তাহির ২/৪২, বেহারডিয়েন ০/৪)। দক্ষিণ আফ্রিকা: ৪৩.৪ ওভারে ২২৫ (আমলা ১৭, ডি কক ৩৪, ডু প্লেসি ৫১, ডুমিনি ৩৬, ডি ভিলিয়ার্স ১৯, মিলার ০, বেহারডিয়েন ১৮, স্টেইন ১৩, রাবাদা ১৯*, তাহির ৯, মরকেল ৪; ভুবনেশ্বর ৩/৪১, যাদব ১/৫২, হরভজন ২/৫১, অক্ষর ৩/৩৯, মোহিত ১/২১, রায়না ০/১৮)।
ফল: ভারত ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মহেন্দ্র সিং ধোনি।