ধোনিও তাদের পাশে
২০১৯ বিশ্বকাপে দলের সংখ্যা ১০টিতে কমিয়ে আনার পরিকল্পনা আইসিসি নিয়েছিল অনেক আগেই। তবে কদিন আগে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, বিশ্বকাপের পর এই প্রস্তাব নিয়ে নতুন করে ভাবা হবে। সহযোগী দেশগুলোর পক্ষে এবার ব্যাট উঁচু করে ধরলেন মহেন্দ্র সিং ধোনিও, ক্রিকেট-বিশ্বায়নের স্বার্থেই ভারত অধিনায়ক আয়ারল্যান্ড-আফগানিস্তানের মতো দলগুলোর আরও বেশি অংশগ্রহণ চান।
এই বিশ্বকাপে সহযোগী দেশগুলো নিজেদের দাবির যে দুর্দান্ত বিজ্ঞাপন করছিল, সেটা কিছুটা হোঁচট খেয়েছে পরশু। ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ধোনি সেটা একপাশে সরিয়ে রেখে টুর্নামেন্টের সার্বিক চিত্রটাই দেখলেন বড় করে, ‘আফগানিস্তান বা অন্য দলগুলোকে দেখুন, তাদের খেলায় ক্রমোন্নতির একটা ছাপ আছে। কিন্তু ওদের আরও বেশি সুযোগ দিতে হবে। অবকাঠামোটা যেন আরও ভালো হয়, আরও বেশি লোক যাতে ক্রিকেট খেলে সেটাও নিশ্চিত করতে হবে।’
বিশ্বকাপের দলসংখ্যা কমিয়ে আনা যৌক্তিক কি না সেটি নিয়ে ধোনি সরাসরি কিছু বলেননি। তবে যেটা বলেছেন তাতে ভারত অধিনায়কের যে এটার সঙ্গে খুব একমত নন, সেটা বোঝাই যায়, ‘সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ক্রিকেটকে একটা বৈশ্বিক খেলা হিসেবে তুলে ধরা। আর বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে না দেখে বরং খেলাটার প্রসার যাতে বাড়ে সেটা নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। যেখানে ক্রিকেটের একটু হলেও সম্ভাবনা আছে, সেখানেও মনোযোগ দেওয়া উচিত। আর এই সিদ্ধান্ত নেওয়াটা আইসিসির ওপরই ছেড়ে দেওয়া ভালো।’
কিন্তু সহযোগী দেশগুলোকে উন্নতির সুযোগ করে দিতে হলে তো তাদের বড় দলগুলোর সঙ্গে নিয়মিত খেলতে হবে! এখানে ধোনি আবার নিজেদের স্বার্থকেই দেখেন বড় করে, ‘সহযোগী দেশগুলোকে বেশি বেশি ম্যাচ খেলতে হবে এটা ঠিক, তবে দয়া করে ভারতের কথা বলবেন না। যেভাবে খেলছি তার চেয়ে বেশি খেলা সম্ভব নয়। সে রকম হলে দিনে দুটি করে ম্যাচ খেলতে হবে।’
ধোনি তো বলছেনই, সহযোগী দেশগুলোর পক্ষে সোচ্চার কণ্ঠ বাড়ছে আরও। দক্ষিণ আফ্রিকার সহকারী কোচ আদ্রিয়ান বিরেলও সোজাসাপ্টা বলছেন, ‘আয়ারল্যান্ডকে বাইরে রাখাটা একদমই ঠিক নয়। একের পর এক দরজা তারা খুলে এ পর্যন্ত এসেছে। অথচ এখন সামনে দরজাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি ওদের ক্ষোভটা বুঝি।’ ক্রিকইনফো, এএফপি।