ধোনিকে এখনো রাজা করে রেখেছেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে এখনো ধোনিই যেন অধিনায়ক। ছবি: এএফপি
মাঠে এখনো ধোনিই যেন অধিনায়ক। ছবি: এএফপি

ভারতীয় ক্রিকেটেই এমনটা অনেকবার হয়েছে। নতুন রাজাকে পেয়ে আগের রাজা হয়ে গেছেন ব্রাত্য। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কিন্তু এমনটি হয়নি; বরং ধোনির কাছ থেকে সিংহাসন বুঝে নেওয়া বিরাট কোহলি এখনো ধোনিকে রাজা বানিয়ে রেখেছেন। এমন অনেক মুহূর্ত আসে, যখন বোঝা যায়, এই দলে এখনো ধোনির ক্যাপটেনকুল মস্তিষ্ক ব্যবহার করা হচ্ছে রণকৌশল সাজাতে। ধোনিই তখন মাঠের অধিনায়ক থাকেন, কোহলি খুশিমনে তা মেনেও নেন।

ভারতীয় ক্রিকেটে সর্বশেষ অধিনায়কত্ব নিয়ে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল সৌরভ গাঙ্গুলীকে। সেই সৌরভও কোহলির এমন মানসিকতার প্রশংসা করে বলেছেন, ‘এম এস ধোনির বেলায় কোহলি যা করে, তা থেকে সবার শেখার আছে। খুব বেশি দল নেই, যেখানে দেখবেন, বর্তমান অধিনায়ক সাবেক অধিনায়কের এত যত্ন নিচ্ছে। বরং এমনও হয়, সাবেক অধিনায়ককে একপাশে ঠেলে সরিয়ে রাখা হয়। কিন্তু কোহলি অন্য রকম। এ কারণে আমার কাছে ও দুর্দান্ত এক নেতা। ও একটা দল সৃষ্টি করেছে, দল গড়ে তুলেছে, আর সেটা সবাইকে নিয়েই।’

২০১৪ সালের শেষ দিকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ধোনি। এরপর ২০১৭ সালের শুরুর দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্বও ছেড়ে দেন। এরপর ধোনির ভবিষ্যৎ কী, এমন প্রশ্ন উঠে যায়। ২০১৯ বিশ্বকাপে তখনকার ৩৭ বছর বয়সী ধোনি ভারতীয় দলের জন্য কতটা অপরিহার্য হবেন, এখনই তাঁর বিকল্প খোঁজা উচিত কি না—ভারতীয় ক্রিকেটে এমন আলোচনাও চলছিল।

কিন্তু ধোনিকে এসবের আঁচ গায়ে লাগতে দেননি কোহলি। শুধু তা-ই নয়, মাঠে এখনো ধোনির কর্তৃত্ব হাসিমুখে মেনে নেন বর্তমান অধিনায়ক। বোলারদের দিকনির্দেশনা, মাঠে ফিল্ডিং সাজানো, ডিআরএস নেওয়া হবে কি না—এসব ক্ষেত্রে ধোনির মতামতের ওপর নির্ভর করেন কোহলি। দলের কোচ রবি শাস্ত্রীও ধোনির চওড়া প্রশংসা করে বলেছেন, ‘অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না। অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না, বাজারে বিক্রিও হয় না। ধোনি ইতিহাসে সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়দের একজন হয়ে থাকবে। এর ওপর ওর অভিজ্ঞতা আর ফিটনেস তো আছেই। ম্যাচটাকে শেষ করে দিয়ে আসা বা শেষের ওভারগুলোর ব্যাটিংয়ের জন্য ওর চেয়ে ভালো মানের ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটই খুব বেশি দেখেনি। ওর মতো একজনকে যখন আপনি ৫, ৬ কিংবা ৭ নম্বরে পাবেন, এটা অনেক বড় পার্থক্য গড়ে দেয়।’ সূত্র: ইন্ডিয়া টুডে।