ধোনিকে ধুয়ে দিলেন চ্যাপেল

গ্রেগ চ্যাপেলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্কটা সব সময়ই সাপে-নেউলে। জাতীয় দলের কোচ হিসেবে তাঁর অসম্মানজনক বিদায়ের পর থেকেই ভারতীয় ক্রিকেটকে খোঁচা দিতে ছাড়েন না এই অস্ট্রেলীয় ক্রিকেট গ্রেট। ইংল্যান্ড সফরে ভারতের বাজে পারফরম্যান্স তো তাঁর জন্য এক বিরাট ‘উপলক্ষ’ই। চ্যাপেল রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। তাঁর সবচেয়ে বড় আক্রমণের লক্ষ্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গুরু-গ্রেগ এই সতর্কবার্তাও দিয়েছেন, অস্ট্রেলিয়াতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে ভারতের জন্য!
ধোনির ওপর প্রচণ্ড বিরক্ত চ্যাপেল বলেছেন, ‘ধোনি মাঠে “ধারাবাহিকতার সঙ্গে” উল্টা-পাল্টা সিদ্ধান্ত নিতে থাকে। যা প্রচণ্ড বিরক্তিকর। সে দলের বাকি খেলোয়াড়দের উজ্জীবিত করতে পুরোপুরিই ব্যর্থ।’
চ্যাপেলের দৃষ্টিতে ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা একই ভুলের পুনরাবৃত্তি, ‘ক্রিকেটে যেকোনো দলই হারতে পারে। হারটা লজ্জার নয়। মূল বিষয়টা হচ্ছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খেলতে পারছেন কি না। সমস্যাটা হচ্ছে, একই ভুলের পুনরাবৃত্তি। ভারতের সর্বশেষ দুটি ইংল্যান্ড সফর ও সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ভারতের খেলায় ভুলের কোনো কমতি ছিল না। এবারের ইংল্যান্ড সফরটি ভারতের সবচেয়ে বাজে সফরই বলব আমি, অন্তত পারফরম্যান্সের দিক দিয়ে।’ পিটিআই।