ধোনিকে নিয়ে বিসিসিআইকে 'না' আইসিসির

>নিজের গ্লাভস থেকে প্যারা কমান্ডো ইউনিটের চিহ্ন সরাতেই হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। এটি ব্যবহারের ব্যাপারে বিসিসিআইয়ের অনুরোধ রাখছে না আইসিসি
মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে অভিযোগ নিজের কিপিং গ্লাভসে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিটের চিহ্ন ব্যবহার করেছেন। এ ধরনের কোনো চিহ্ন ব্যবহার নীতিমালা বিরুদ্ধ হওয়ায় আইসিসি সেই চিহ্ন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির এই নির্দেশের বিরোধিতা করে বলেছিল, ধোনি এমন কোনো চিহ্ন ব্যবহার করেননি, যেটি আইসিসির নীতিমালার বিপক্ষে যায়। তারা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে তাদের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। কিন্তু আইসিসি এ ব্যাপারে অনড় অবস্থান জানিয়ে দিয়েছে। ধোনিকে কমান্ডো ইউনিটের চিহ্ন গ্লাভস থেকে এখন সরাতেই হচ্ছে।
আইসিসি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ক্রিকেটারদের পোশাক ও ক্রীড়া সামগ্রী অবশ্যই তাদের অনুমোদিত হতে হবে। সে হিসেবে ধোনির উইকেটকিপিং গ্লাভসে সে চিহ্ন আছে, সেটি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। রোববার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। আইসিসির এ নির্দেশ এ ম্যাচের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির মুখোমুখি দাঁড় করিয়ে দিল।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দিন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে ধোনির গ্লাভসের সেই চিহ্নটি। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। দেশের মধ্যে অবশ্য ধোনি এ চিহ্ন ব্যবহার করে বেশ সমর্থন পাচ্ছেন। ভারতীয় ক্রিকেট ভক্তরা প্যারা কমান্ডো বাহিনীর এ চিহ্নটি ব্যবহার করায় সাবেক অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন।
ভারতের কেন্দ্রীয় সরকারের সমর্থনও ধোনি পাচ্ছেন। ক্রীড়া মন্ত্রী এক বিবৃতিতে বলেছিলেন, ‘খেলায় আমরা হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু এ ঘটনাটি এমন যে কথা বলতেই হচ্ছে। ধোনি একজন ভারতীয়। তিনি যদি ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন দিয়ে কিছু করেন, সেটি কখনোই রাজনৈতিক পদক্ষেপ হতে পারে না। বিসিসিআইয়ের উচিত এ ব্যাপারে ধোনির পাশে দাঁড়ানো। ক্রীড়ামন্ত্রীর এ বিবৃতির পরপর বিসিসিআই চিহ্নটি ব্যবহারের করতে দেওয়ার অনুরোধ জানিয়েছিল আইসিসিকে।