ধোনিকে সতর্ক করল আইসিসি

মাঠের বাইরে বেশ ভালোই উত্তাপ ছড়িয়েছে অ্যান্ডারসন-জাদেজার ধাক্কাধাক্কি ও কথা-কাটাকাটির ঘটনা। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে জাদেজাকে। সতীর্থের এই শাস্তি মোটেও মেনে নিতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। চোয়াল শক্ত করেই আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ভারতের অধিনায়ক। এ কারণে এবার পাল্টা সতর্কবার্তা শুনতে হলো ধোনিকেও। আইসিসির আইনগত প্রক্রিয়া অবমাননা করে কোনো বক্তব্য না দেওয়ার জন্য ধোনির প্রতি আহ্বান জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
জাদেজাকে শাস্তি দেওয়ার এ সিদ্ধান্তটি ধোনির চোখে ছিল একটা ‘দুঃখজনক সিদ্ধান্ত’। কিছু না করেই জাদেজাকে শাস্তি পেতে হয়েছে বলেও মন্তব্য করেছিলেন ধোনি। কিন্তু ম্যাচ রেফারি ডেভিড বুনের এই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক ছিল বলেই রায় দিয়েছেন রিচার্ডসন। ধোনিকেও সতর্ক করে দিয়েছেন আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা না করার জন্য। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক ও খুব সম্প্রতি ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করেছেন। সেখানে ধোনি আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন, যেটা আইসিসির শৃঙ্খলা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।’
ভবিষ্যতে এমন কিছু না করার আহ্বানও জানিয়েছেন অ্যান্ডারসন। বলেছেন, ‘এ ধরনের আইনি ব্যাপারগুলোতে, আইসিসি তার দায়িত্ব কঠোরভাবেই পালন করবে। কাজেই, আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, চলমান আইনিপ্রক্রিয়াকে তাঁরা যেন সম্মান করেন। আর এটাও মনে করিয়ে দিতে চাই, এই প্রক্রিয়া ঠিকভাবে চালু রাখাও তাঁদের দায়িত্ব; যেন আমরা ক্রিকেট খেলাটার দিকেই মনোযোগ ধরে রাখতে পারি।’
শুধু জাদেজারই না, বাগবিতণ্ডায় জড়ানোর জন্য শাস্তি হতে পারে ইংলিশ পেসার অ্যান্ডারসনেরও। আগামী মাসের ১ তারিখে সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে অ্যান্ডারসনের শুনানি।— ক্রিকইনফো