ধোনিতে জমানো ক্ষোভ লুকোতে পারলেন না শেবাগ

তাঁর ইচ্ছে ছিল, খেলে না হোক, অন্তত মাঠ থেকে সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় নেবেন। অন্তত মাইক্রোফোন হাতে ছোট্ট বক্তৃতায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়টাকে রাঙিয়ে নেবেন। ইচ্ছেটা পূর্ণ হলো বীরেন্দ্র শেবাগের। তবে ‘ছোট্ট’ ওই বক্তৃতাই নিভু-নিভু জ্বলতে থাকা আগুন যেন উসকে দিল। মহেন্দ্র সিং ধোনির ওপর জমানো ক্ষোভ যে আর লুকোতে পারলেন না ‘বীরু’।
নিজের ক্যারিয়ারের ‘অকাল’ সমাপ্তির পেছনে আরও অনেক কারণের সঙ্গে ধোনিরও একটা ভূমিকা দেখেন শেবাগ। এ নিয়ে প্রকাশ্যে অবশ্য কখনোই কিছু বলেননি। তবে আজ বিদায়ী বক্তৃতায় অনেক কিছুই উঠে এল, অনেককেই কৃতজ্ঞতা জানালেন, এমনকি বাদ গেল না তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে ভূমিকা রাখা ‘অচেনা-অখ্যাত’রাও। কিন্তু একবারও ধোনির নাম মুখে আনলেন না শেবাগ। আর এই কিছু না বলাই যেন অনেক কিছু বলে দিল।
নিজের শহর দিল্লির ফিরোজ শাহ কোটলায় আজ ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্ট শুরু হলো। প্রথম দিনেই শেবাগকে সংবর্ধনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর স্মারক ট্রফি তুলে দেন তাঁর হাতে, মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যানের উজ্জ্বল ক্যারিয়ারের অবদানের স্বীকৃতিই হয়ে রইল সেটি। অনুষ্ঠানে নিজের সংবর্ধনা বক্তৃতায় ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে এমন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শেবাগ। বিসিসিআই, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সবাই, এমনকি অনূর্ধ্ব-১৯ পর্যায়ের কোচ থেকে শুরু করে সবার প্রতিই নিজের কৃতজ্ঞতার কথা জানিয়েছেন এই ৩৭ বছর বয়সী।
তবে সাবেক ও বর্তমান সতীর্থ ও অধিনায়কদের ধন্যবাদ জানানোর সময় যেন লুকিয়ে রাখা ক্ষোভটাই প্রকাশিত হলো। অন্য সবার কথা বললেও ধোনির নামটা একবারও মুখে আনেননি শেবাগ, ‘আমার প্রথম অধিনায়ক অজয় জাদেজাকে ধন্যবাদ দিতে চাই। অন্য যাঁরা অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলেকেও ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ ধন্যবাদ শচীন টেন্ডুলকারকে।’
এতেই নতুন করে উঠে আসছে আলোচনা—সবচেয়ে বেশি দিন যাঁর অধিনায়কত্বে খেলেছেন, যাঁর অধীনে দুটি বিশ্বকাপ (২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ) জিতেছেন, তাঁর প্রতি কোনো কৃতজ্ঞতা কেন জানাননি শেবাগ?
একটা সময় গুঞ্জন ছিল, ধোনির কারণেই দলে সুযোগ পাচ্ছেন না শেবাগ। আইপিএলে নিজের দলের খেলোয়াড়দের প্রতি বিশেষ মনোযোগ দিতে গিয়ে শেবাগকে দল থেকে বাইরে ঠেলে দিচ্ছেন ধোনি, এমন অভিযোগও করেছেন শেবাগের ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যমে ধোনি-শেবাগ দ্বন্দ্বের কথাও উঠে এসেছে বেশ কবার। শেবাগ অবশ্য সব সময়ই তা অস্বীকার করে এসেছেন। এই তো গত ২০ অক্টোবর বিদায় বলে দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আগামী বিশ্বকাপ পর্যন্তও অধিনায়ক থাকা উচিত ধোনির। তবে আজকের বিদায়ী ভাষণে বীরুর এই ‘ভুলে যাওয়া’ নতুন বিতর্কের খোরাক জোগাচ্ছে।
সত্যিই ভুলে গিয়ে ছিলেন ধোনির নাম? নাকি ইচ্ছে করেই এই ভুলে যাওয়া! সূত্র: টাইমস অব ইন্ডিয়া।