ধোনিতে 'ধোনি'কে দেখছেন না আজহার

একটি হারানো বিজ্ঞপ্তি! ভারতের জাদুকরী অধিনায়ক, চাপের মুখে একাই ম্যাচ বের করে আনতে সক্ষম সেই মহেন্দ্র সিং ধোনি হারিয়ে গেছেন! এবার সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও বললেন, সেই চেনা ধোনির সঙ্গে এখনকার ধোনির যেন কোনো মিলই নেই।
আজহার বলেছেন, ‘ও অধিনায়ক, ওর ওপর অনেক চাপ থাকবেই। পারফর্ম করতে না পারলে নির্বাচকরা ওকে নিয়ে ভাববে। ও যেমনটা ছিল এখন সে রকম খেলোয়াড় আর নেই। আমি মনে করি, ব্যাটিং অর্ডারে ও ওপরের দিকে উঠে আসলে অবশ্যই এর একটা প্রভাব পড়বে। অধিনায়ক যদি অধিনায়কের মতো খেলতে শুরু করে, বাকিরাও তাকে অনুসরণ করবে।’
ধোনি আগের মতো ফিনিশার নেই—প্রসঙ্গটি উঠতে আজহার যেন ভিন্ন এক তত্ত্ব হাজির করলেন। তাঁর মতে, দলে এক-দুজনকে কেন ফিনিশার হিসেবে দেখা হবে? আজহার বলেছেন, ‘ফিনিশার মানে আসলে কী, আমি যেন বুঝে উঠতে পারি না। সবারই ম্যাচ শেষ করে আসার দক্ষতা থাকা উচিত। জেতার জন্য ৫০ রান দরকার, আপনি ৭০ রানে ব্যাট করছেন; এখন আপনি ফিনিশার নন, পরের জন ফিনিশার, তাহলে কি আপনি আউট হয়ে পরের জনকে মাঠে নিয়ে আসবেন? যে উইকেটে থাকবে, তারই উচিত হবে ভারতের জন্য ম্যাচটা শেষ করে আসা।’ সূত্র: পিটিআই।