ধোনিদের জন্য 'টনিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের আগে বিলাসবহুল বিশ্রামের ব্যবস্থা হয়েছে ধোনিদের জন্য ছবি: এএফপি
বিশ্বকাপের আগে বিলাসবহুল বিশ্রামের ব্যবস্থা হয়েছে ধোনিদের জন্য ছবি: এএফপি

সামনেই বিশ্বকাপ। অথচ এর আগ দিয়ে অস্ট্রেলিয়া সফরে সব কটি ম্যাচে হেরে রীতিমতো বিধ্বস্ত ভারত। এমন অবস্থায় দলকে চাঙা করতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্লান্ত-বিধ্বস্ত ক্রিকেটারদের চাঙা করার ‘টনিক’ হিসেবে বিলাসবহুল বিনোদন কেন্দ্রে পাঠানো হচ্ছে। মানসিক ক্লান্তির বিষয়টা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অকপটে স্বীকার করার পরই এই বিশেষ ব্যবস্থা।
দুই মাসেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় আছে ভারত। দীর্ঘ সময় ধরে দেশের বাইরে কঠিন সব ম্যাচ খেলে ক্রিকেটারদের মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়াটাই স্বাভাবিক। বিলাসী বিনোদন কেন্দ্রে ক্রিকেটের বাইরে গিয়ে কয়েকটা দিন কাটানোর সুযোগ পাবেন খেলোয়াড়েরা। সেখানে একান্তে আরাম-আয়েশ করে বিশ্বকাপের আগেই মানসিকভাবে তৈরি হয়ে নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। দলকে পুনরুজ্জীবিত করাই এর একমাত্র উদ্দেশ্য।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তা টাইমস অব ইন্ডিয়াকে বললেন, ‘আমার বুঝতে পারছি, তাঁরা (ক্রিকেটাররা) ক্লান্ত। অ্যাডিলেডের কাছে একটি রিসোর্টে তাঁদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁরা তাঁদের মুঠোফোন বন্ধ রাখতে পারবেন। বিশ্রাম করতে পারবেন এবং চিন্তামুক্ত হয়ে নিজেদের ফিরে পাবেন।’
বিলাসবহুল বিনোদন কেন্দ্রে সময় কাটানোর পাশাপাশি খেলোয়াড়েরা পরিবার পরিজনের সঙ্গে দেখা করার জন্য ভারতেও ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। অনেকেই মেলবোর্ন কিংবা সিডনিতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে সবাইকে ৫ ফেব্রুয়ারির আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
অ্যাডিলেডের ওই বিনোদন কেন্দ্রে ক্রিকেটারদের স্ত্রীরা তাঁদের সঙ্গে থাকতে পারবেন। এমনকি প্রেমিকাদের ব্যাপারেও নাকি এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশ্বকাপের সময় এই সুযোগ থাকছে না। তবে দল সেমিফাইনালে উঠলে খেলোয়াড়েরা এই সুযোগ আবারও পাবেন বলে ভারতীয় বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে।