ধোনিদের মুখে কুলুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি শাস্ত্রীকেই ‘বস’ মেনে নিতে হচ্ছে ধোনির ছবি: ফাইল ছবি, এএফপি।
রবি শাস্ত্রীকেই ‘বস’ মেনে নিতে হচ্ছে ধোনির ছবি: ফাইল ছবি, এএফপি।

ডানকান ফ্লেচারই দলের হর্তাকর্তা—এমন মন্তব্য করে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলের চরম ব্যর্থতার পর বোর্ডের সিদ্ধান্তে ‘অভিভাবক’ হিসেবে নিয়োগ পাওয়া সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী থাকতেও ধোনির এমন মন্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ হিসেবেই মনে করছেন অনেকেই। অথচ শাস্ত্রীকে নিয়োগ দেওয়ার সময় তাঁকেই কিন্তু দলের প্রধান ব্যক্তির মর্যাদা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ব্রিস্টলে বৃষ্টিতে ভেসে যাওয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ধোনির এমন মন্তব্যে অবাকও অনেকে। এন শ্রীনিবাসনের সময়ে বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবেন ধোনি—এমনটা বোধ হয় কল্পনাতেও আসেনি কারও।
বোর্ড যতই এই মন্তব্যকে ‘ধোনির ব্যক্তিগত ভাবনা’ বলে ধামাচাপ দেওয়ার চেষ্টা করুক না কেন, বিষয়টি কিন্তু শাখা-প্রশাখা মেলেছে যথেষ্টই। তাই আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমকে এড়িয়েই চলছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
সংবাদ সম্মেলনে অধিনায়ক না এলে অনেক সময়ই অন্য কোনো খেলোয়াড়কে পাঠানো হয়। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হওয়া ক্রিকেট বিশ্বে একটা রেওয়াজই। কিন্তু কাল মাঠে নিবিড় অনুশীলন চালিয়ে গেলেও প্রেসরুমে সাংবাদিকদের অপেক্ষাতেই রেখেছে ভারতীয় দল। ডানকান ফ্লেচারের পাশে দাঁড়িয়েই খেলোয়াড়দের অনুশীলন দেখেছেন রবি শাস্ত্রী। আপাতত নতুন করে যেকোনো বিব্রতকর প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, কালকের সংবাদ সম্মেলন বর্জন সেই পরিকল্পনারই অংশ হিসেবে মনে করছে ভারতীয় গণমাধ্যম।

তবে ভারতীয় গণমাধ্যমই এই মুহূর্তে হন্যে দলের ভেতরের অবস্থা জানার ব্যাপারে। ব্যাপারটা খুবই স্বাভাবিক। যেখানে ঢাক গুড় গুড়, সেখানেই তো কোনো কিছু ঘটার আশঙ্কা। ধোনিই তো শাস্ত্রীর দায়িত্ব জেনেও ফ্লেচারের পক্ষে ব্যাট করে ব্যাপারটিকে আরও উসকে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এখন স্পষ্টই দলের মধ্যে একটি বিভাজনের রেখা আবিষ্কারে ব্যস্ত। এমন খবরও ভারতীয় পত্রিকায় বেরিয়েছে যে জিওফ বয়কটকে দিয়ে একটি মোটিভেশনাল সেশন আয়োজনে রবি শাস্ত্রীয় পরিকল্পনা নাকি বাতিল হয়ে গেছে ধোনির কারণে। এমন পরিস্থিতিতে বয়কটের মতো মানুষের বক্তৃতাবাজি শুনতে নাকি একেবারেই উত্সাহী ছিলেন না তিনি। এ ব্যাপারটিকে ভারতীয় গণমাধ্যম মনে করছে দলের মধ্যে ব্যক্তিত্বের দ্বন্দ্বের একটি মামুলি উদাহরণ হিসেবে।

সে যা-ই হোক, ওয়ানডে সিরিজে এসব বিষয় খুব বাজে প্রভাব রাখবে না বলেই বিশ্বাস সবার। এই বিশ্বাসটা জন্মাচ্ছে, রবি শাস্ত্রীর ব্যক্তিত্ব আর ক্রিকেটারদের চেনার ব্যাপারে তাঁর ক্ষুরধার মেধার ওপর নির্ভর করেই। দলে বোর্ডের হস্তক্ষেপ নিয়ে ধোনির ব্যক্তিগত ক্ষোভ থাকলেও তিনিও এটাকে বাড়াবাড়ির পর্যায়ে যেতে দেবেন না, এটা নিশ্চিত। ম্যাচের আগে সংবাদ সম্মেলন এড়িয়ে যাওয়া যেন বিতর্কের লড়াইয়ে সাদা পতাকা তুলে ধরার মতোই একটা বিষয়। সূত্র: এবেলা, এই সময় (কলকাতা)।