ধোনিদের লেজেগোবরে ব্যাটিং, সেরা দুই নিশ্চিত পান্ডিয়ার গুজরাটের

ঋদ্ধিমানের দারুণ অর্ধশতকে ধোনিদের অল্প সংগ্রহ সহজেই পেরিয়ে যায় গুজরাটছবি: আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাই সুপার কিংসের আর কিছু পাওয়ার বা হারানোর নেই। গুজরাট টাইটানসেরও প্লে-অফ আগেই নিশ্চিত হয়ে গেছে, বাকি ছিল শুধু সেরা দুইয়ে জায়গা নিশ্চিত করা। তাতে যে প্লে-অফের অ্যালিমিনেটরের বদলে কোয়ালিফায়ারে সুযোগ মেলে, একটির জায়গায় ফাইনালে ওঠার দুটি সুযোগ পাওয়া যায়। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ে লেজেগোবরে করায় সহজেই লক্ষ্য পূরণ হয়ে গেল হার্দিক পান্ডিয়ার গুজরাটের।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ধোনির চেন্নাই ব্যাটিংয়ের শুরু ও শেষে পথ হারিয়ে করতে পেরেছে মাত্র ৫ উইকেটে ১৩৩ রান। সে লক্ষ্য অনায়াসেই পেরিয়ে গেছে পান্ডিয়ার গুজরাট। ৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গুজরাটের পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেল।

এ মুহূর্তে অবশ্য ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে গুজরাট। তিনে থাকা রাজস্থান রয়্যালসের (১২ ম্যাচে ১৪ পয়েন্ট) পক্ষে বাকি দুই ম্যাচে আর গুজরাটকে টপকে যাওয়া সম্ভব নয়। দুইয়ে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসই (১২ ম্যাচে ১৬ পয়েন্ট) গুজরাটকে টপকে যেতে পারবে কি না, তা-ও এক প্রশ্ন। ১০ দলের আইপিএলে এই মুহূর্তে নবম চেন্নাইয়ের পয়েন্ট ১৩ ম্যাচে ৮।

দুই দলের ব্যাটিংয়ে শুরু আর শেষের কয়েক ওভারই সম্ভবত পার্থক্যটা গড়ে দিয়েছে। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুর প্রথম চার ওভার আর শেষ পাঁচ ওভার—এই ৯ ওভারে কোনো বাউন্ডারিই মারতে পারেনি চেন্নাই।

প্রথম চার ওভার ইনিংসের শুরুতে গুছিয়ে নেওয়ার সময় হতে পারে, তবে পাওয়ারপ্লের ছয় ওভারের চার ওভারেই কোনো বাউন্ডারি না পাওয়া, সেই চার ওভার থেকে ১ উইকেট হারিয়ে মাত্র ১৫ রান তোলা—শুরুতেই পিছিয়ে দিয়েছে চেন্নাইকে। নিজের ঘাড়ে চাপ টেনে আনা যাকে বলে!

৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নিয়েছেন শামি
ছবি: আইপিএল

উদ্বোধনী ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতকের (৪৯ বলে ৫৩) পাশাপাশি তিনে নামা মঈন আলীর ১৭ বলে ২১ রানের ইনিংসগুলো এরপর চেন্নাইকে পথ দেখিয়েছে। পাওয়ারপ্লের বাকি দুই ওভারে ৩২ রান নিয়ে পাল্টা আক্রমণের শুরু। গায়কোয়াড় ৪৪ বলে অর্ধশতকে পৌঁছানোর কিছুক্ষণ পর দলীয় শতরানও হয়ে যায় ১৪.২ ওভারে—টি-টোয়েন্টিতে ১৫০-১৬০ রানের ইনিংসের আদর্শ গতিপথ।

কিন্তু শেষ পাঁচ ওভারে কোথায় রান তোলায় ‘গিয়ার’ বদলাবে, উল্টো গতিই কমে গেল চেন্নাইয়ের! ১৫ ওভার শেষে দলের রান ছিল ২ উইকেটে ১০৯, রুতুরাজের সঙ্গে ছিলেন ততক্ষণে ২০ বলে ২৮ রান করে ফেলা নারায়ণ জগদিশান। কিন্তু ১৬তম ওভারের শেষ বলে রুতুরাজও আউট হয়ে গেলেন, জগদিশানের ব্যাটও আর আওয়াজ তুলতে ভুলে গেল!

চেন্নাইয়ের হয়ে যা রান করেছেন রুতুরাজ, পেয়েছেন অর্ধশতক
ছবি: আইপিএল

শেষ পর্যন্ত জগদিশান ৩৩ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন বটে, কিন্তু তাতে চেন্নাইয়ের লাভ হলো কই! বাউন্ডারিহীন শেষ ৫ ওভারে মাত্র ২৪ রান পেয়েছে চেন্নাই।

১৩৪ রানের লক্ষ্যে গুজরাটের ব্যাটিংয়ের শুরুতেই চেন্নাইয়ের ব্যাটিংয়ের ১৮০ ডিগ্রি বিপরীত চিত্র। চেন্নাই যেখানে প্রথম চার ওভারে বাউন্ডারি পায়নি, গুজরাটের ইনিংসে প্রথম বাউন্ডারিহীন ওভারের দেখা পেতে চেন্নাইকে অপেক্ষায় থাকতে হয়েছে পাওয়ারপ্লে শেষ হওয়া পর্যন্ত।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল কোনো বিপদ হতে দেননি, ৬ ওভারেই গুজরাট তুলে ফেলে ৫৩ রান।

ধোনির ব্যাট থেকে এসেছে ১০ বলে ৭ রানের ইনিংস
ছবি: আইপিএল

সপ্তম ওভারে প্রথম বাউন্ডারিহীন থাকায় ছন্দ কেটে গেল বলেই কি না, অষ্টম ওভারের প্রথম বলে গিল (১৭ বলে ১৮) আউট। লঙ্কান পেসার মাতিশা পাথিরানার আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটে ভাঙল উদ্বোধনী জুটি। তাতে অবশ্য গুজরাটের কোনো ঝামেলা হয়নি। এক প্রান্তে ম্যাথু ওয়েড (১৫ বলে ২০), পান্ডিয়া (৬ বলে ৭) ফিরে গেলেও অন্য প্রান্তে ঋদ্ধিমান যে দারুণ ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে গেছেন।

চতুর্থ উইকেটে ডেভিড মিলারের (২০ বলে ১৫) সঙ্গে ৩৭ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ঋদ্ধিমান। শেষ পর্যন্ত ৫৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৭ রানে অপরাজিত ছিলেন, শেষ ওভারের প্রথম বলে তাঁর অষ্টম চারেই জয় নিশ্চিত হয় গুজরাটের।