ধোনিদের 'কীর্তি'তে লজ্জায় মুখ লুকোচ্ছেন আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডে ভারতের ক্রমাগত ব্যর্থতায় ক্ষুব্ধ কীর্তি আজাদ। ফাইল ছবি
ইংল্যান্ডে ভারতের ক্রমাগত ব্যর্থতায় ক্ষুব্ধ কীর্তি আজাদ। ফাইল ছবি

কীর্তি আজাদ লজ্জিত, হতাশ। ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তিনি ক্ষুব্ধও। ভারতের সাবেক এই ক্রিকেটার তাঁর বর্তমান রাজনীতিক সত্তার বাইরে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতায় এক রাজনৈতিক সমাবেশে ভাষণ দিতে গিয়ে।
আজাদ বর্তমানে ভারতে ক্ষমতাসীন বিজেপির নির্বাচিত সাংসদ। ইংল্যান্ড সফররত ভারতীয় দলের পারফরম্যান্স তাঁকে এতটাই ক্ষুব্ধ করে তুলেছে, রাজনৈতিক বক্তৃতার একপর্যায়ে জনসমক্ষে উগড়ে দিলেন সেই ক্ষোভ, ‘ক্রিকেট আমাকে অনেক সম্মান দিয়েছে। আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে দারুণ গর্ববোধ করি। কিন্তু সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেট দলের যে পারফরম্যান্স, তাতে লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছি না।’
ইংল্যান্ডে ভারতীয় ব্যাটিংয়ের ধারাবাহিক ব্যর্থতাই তাঁর মনে এই ক্ষোভের জন্ম দিয়েছে। পুরো বিষয়টিই তাঁর কাছে অসম্ভব লজ্জার।
কলকাতায় রাজনৈতিক সমাবেশ। কলকাতার হিরো সৌরভ গাঙ্গুলির নাম না নিলে কী চলে! দেশের বাইরে ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতার প্রেক্ষাপটে তিনি কিছুটা নস্টালজিক সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্ব নিয়ে। সেটা তিনি জানিয়েও দিয়েছেন সেই সমাবেশে, ‘আমি এখনো স্মরণ করি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। আমাদের কলকাতার “বেঙ্গল টাইগার” সৌরভের নেতৃত্বে ভারত যেভাবে ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তার করা শুরু করেছিল, তা সত্যিই অনন্য।’ সূত্র: পিটিআই।