আজ কানপুরে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার অবস্থান যেন দুই মেরুতে। টি-টোয়েন্টি সিরিজ ২-০ জিতে যেখানে আত্মবিশ্বাসে টইটম্বুর ডি ভিলিয়ার্সের দল, সেখানে মহেন্দ্র সিং ধোনির লড়াই শুধু জয়ের জন্য নয়। পাঁচ ম্যাচের এই সিরিজটিতেই হয়তো ঠিক করে দেবে ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়কের ভবিষ্যৎ।
তাঁরই অধিনায়কত্বে ২৮ বছর পর বিশ্বকাপ শিরোপা এসেছে ভারতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়েও নেতৃত্ব দিয়েছেন। সেসব এখন অতীত। বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজের পর দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজে হার। ধোনির জায়গা নিয়েই এখন প্রশ্ন উঠে গেছে ভারতীয় সংবাদমাধ্যমে। পরশু সাবেক পেসার অজিত আগারকারও তীব্র সমালোচনা করেছেন ৩৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যানের। অথচ ব্যাট হাতে ভারতের সীমিত ওভারের অধিনায়কের পারফরম্যান্সকে ঠিক খারাপ বলা যায় না। সর্বশেষ দুটি ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৪৭ ও ৬৯ রান করেছেন। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন অপরাজিত ২০ ও ৫ রান। টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে সমালোচকদের চোখ আগাগোড়া পরখ করবে ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সও। একটু এদিক-ওদিক হলেই মঞ্চের পাশেই অপেক্ষমাণ টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে দেখা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে। ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী মনে করেন ধোনির ফর্মে ফেরাটা শুধু সময়ের ব্যাপার, ‘ছন্দে থাকলে সে কী করতে পারে সেটি আমরা জানি। পুরো বিশ্ব জানে। আমাকে কিছু বলতে হবে না।’
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হারের পর প্রথম ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকা অবশ্য সেদিকে তাকিয়ে নয়, টি-টোয়েন্টি সিরিজ জয়ে পাওয়া উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়েই ভারতের মুখোমুখি হচ্ছে ৫০ ওভারের ক্রিকেটে। টি-টোয়েন্টি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির হাত থেকে নেতৃত্ব উঠেছে এবি ডি ভিলিয়ার্সের হাতে। ডেল স্টেইন ও মরনে মরকেল দলে ফেরায় শক্তিশালী হয়েছে প্রোটিয়াদের বোলিং আক্রমণও। তবে ইতিহাস রয়েছে সফরকারীদের বিপক্ষে। ভারতের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ যে জেতেনি দক্ষিণ আফ্রিকা। এবার সেই ইতিহাসটা বদলাতে চান ডি ভিলিয়ার্স, ‘সিরিজ জয়ের আশা করছি আমরা। ২০০৬ সালে আমরা ২-২ ড্র করেছিলাম। আমি ওই সিরিজের দলে ছিলাম। আমরা সিরিজ জিততে চাই।’ জয়ের টোটকাটাও জানেন এই সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘শুধু খুব ভালো ক্রিকেট খেলতে হবে। টি-টোয়েন্টি সিরিজ এখন অতীত। এটি সম্পূর্ণ নতুন সিরিজ। ভারত চাইবে সিরিজে ফিরতে, আশা করি আমরা ওদের আটকাতে পারব।’ এএফপি, ক্রিকইনফো।