ধোনির অন্য রকম রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে উড়ছেন মহেন্দ্র সিং ধোনি, উড়ছে ভারত! ছবি: রয়টার্স
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে উড়ছেন মহেন্দ্র সিং ধোনি, উড়ছে ভারত! ছবি: রয়টার্স

টেস্টে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ‘ক্যাপ্টেন কুল’ সমালোচনার চেয়ে স্তুতিবানেই বেশি ভাসেন। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে অনবদ্য এক রেকর্ড ছুঁলেন ধোনি। নাম লিখিয়েছেন সাবেক ভারত অধিনায়ক আজহারউদ্দিনের পাশে।
এত দিন আজহারউদ্দিন ছিলেন সর্বাধিক ওয়ানডে বিজয়ী ভারতীয় অধিনায়ক। জিতেছিলেন ৯০টি ওয়ানডে। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে আজহারউদ্দিনকে ছুঁলেন ধোনি। ইংলিশদের বিপক্ষে ধোনির অধিনায়কত্বের রেকর্ডটা বরাবরই ভালো। ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১৬ ম্যাচ, হেরেছেন পাঁচটি, দুটি টাই ও একটি পরিত্যক্ত। জয়ের হার ৭৩.৯১ শতাংশ।
ট্রেন্ট ব্রিজে আরও একটি রেকর্ড গড়েছেন ধোনি। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ভারত অধিনায়কের স্টাম্পিং সংখ্যা ১৩১। কুমার সাঙ্গাকারার ১২৯ শিকারকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের মালিক এখন ধোনিই। ক্রিকেটে তিনিই একমাত্র অধিনায়ক—জিতেছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সব শীর্ষ শিরোপাই। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—প্রতিটি শিরোপা ভারত জিতেছে ধোনির নেতৃত্বেই। সূত্র: জি নিউজ