ধোনির আরও অবদান চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

দাপটের সঙ্গেই নকআউট পর্বে পা রাখল ভারত। অথচ বিশ্বকাপের আগে আশার প্রদীপ জ্বলছিল টিমটিম করে। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজটা ছিল হতাশার, ত্রিদেশীয় সিরিজটা রীতিমতো দুঃস্বপ্ন। বিশ্বকাপে সেই দলটাকেই মনে হচ্ছে অজেয়। 
আজ জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের আগে পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচের কথা মনে পড়ছে। শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটের কল্যাণে পাওয়া ওই জয়টাই প্রতিপক্ষকে একটা বার্তা দিয়েছে। ওই ইনিংসের পর দল প্রতি ম্যাচেই আরও শক্তিশালী হয়েছে।
ধাওয়ান, কোহলি ও রায়না পাকিস্তানের সঙ্গে দারুণ খেলেছে, বিশ্বকাপে ভারতের জয়ের ধারাও অক্ষুণ্ণ থেকেছে। দক্ষিণ আফ্রিকা পাত্তাই পায়নি। আমার মনে হয় ধাওয়ান প্রোটিয়াদের সঙ্গে বিশ্বকাপে ভারতের হয়ে সেরা ইনিংসগুলোর একটি খেলেছে। ওই ম্যাচে বোলিং-ফিল্ডিংয়েও সবাই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে। এ থেকে পাওয়া আত্মবিশ্বাসের রসদেই ভারত এখন গ্রুপের শীর্ষে।
মানছি আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ বা আয়ারল্যান্ড খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। কিন্তু এসব ম্যাচে ভারতের জিততে খুব একটা কষ্ট হওয়ার কথা ছিল না। এমনকি অননুমেয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও। এই পর্যায়ে ব্যক্তিগত নৈপুণ্য সব সময় ব্যবধান গড়ে দিতে পারে না। ভালো করতে হলে আপনাকে সব বিভাগেই শক্তিশালী হতে হবে।
কিছু একপেশে ম্যাচ হয়েছে, সেটা হবেই। আবার কিছু ম্যাচ রীতিমতো স্নায়ুক্ষয়ী ছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচটাই দেখুন, ট্রেন্ট বোল্টের দুর্দান্ত এক স্পেলে অস্ট্রেলিয়া ধসে পড়েছিল।
ধাওয়ান এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান। মনের দিক দিয়ে সে দারুণ শক্ত, বড় কিছু করতে তৈরি। শট খেলার জন্য খুব তাড়াতাড়ি পজিশনে চলে যাচ্ছে। ভয়টয়ও খুব একটা নেই, আমি এ রকম চরিত্র পছন্দ করি। এরা দাপট দেখাতে পছন্দ করে, প্রতিযোগিতার মান বাড়িয়ে দেয়।
সব মিলিয়ে ভারতকে বেশ সংহত মনে হচ্ছে। তবে সুরেশ রায়না, রোহিত শর্মা বা অজিঙ্কা রাহানে শট নির্বাচনে আরেকটু ধারাবাহিক হলে আরও ভালো হবে। ধাওয়ান ভারতকে যে শুরুটা এনে দেবে সেটা মিডল অর্ডারের ধরে রাখাটা জরুরি। টপ অর্ডারের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে বড় কিছু করাটাই তো তাদের কাজ। আমি ধোনির আরও অবদান আশা করছি, আমার কাছে সে-ই বিশ্বের সেরা ম্যাচ উইনার।
ধোনির দলকে এখন জয়ের নেশা পেয়ে বসেছে। আমি চাই, এই তীব্রতা নিয়েই তারা সামনে এগিয়ে যাক। দলের ফিটনেসটাও দুর্দান্ত মনে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ।
শামি, যাদব ও মোহিত এখন পর্যন্ত বোলিং আক্রমণের মূল তিন অস্ত্র। অশ্বিনও ধীরে ধীরে নিজেকে বিকশিত করছে। ব্যাটসম্যানরা তার গতিবৈচিত্র্যে বিভ্রান্ত হচ্ছে। সঙ্গে জাদেজা ও রায়নাকে নিয়ে ভারতের বোলিং এখন বেশ সমীহ জাগানো।
জিম্বাবুয়ে ম্যাচটাকেও হালকাভাবে নেওয়ার উপায় নেই। আত্মতুষ্টি খেলায় প্রভাব ফেলতে পারে, ধোনিকে মনে রাখতে হবে অপরাজিত হয়ে পরের পর্বে যেতে পারলে দল আরও বেশি চাঙা থাকবে। গা-ছাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। (পিচ সলিউশন)