ধোনির এক ছক্কাতেই ‘অভিসার’ বাতিল পাকিস্তানি ক্রিকেটারের
পাকিস্তানের বিপক্ষে বরাবরই চওড়া ছিল মহেন্দ্র সিং ধোনির ব্যাট। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি নিজের জাত চিনিয়েছিলেন বিশাখাপত্তমে পাকিস্তানের বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলে। টেস্টে ২০০৬ সালে ধোনির প্রথম সেঞ্চুরিও পাকিস্তানের বিপক্ষে। তবে এসব পারফরম্যান্সেরও আগে পাকিস্তানি এক ক্রিকেটারের হৃদয় ভেঙেছিলেন ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির তখনো অভিষেক ঘটেনি। ২০০৪ সালে কেনিয়ায় আয়োজিত হয়েছিল ত্রিদেশীয় সিরিজ। এ টুর্নামেন্টে কেনিয়ার সঙ্গে বাকি দুটি দল ছিল ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’ দল। জোড়া সেঞ্চুরি করা ধোনি সে টুর্নামেন্টে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ত্রিদেশীয় টুর্নামেন্টেই ধোনির এক ছক্কায় অভিসার পণ্ড হয়েছিল এক পাকিস্তানি ক্রিকেটারের। যদিও পাকিস্তানের সেই ক্রিকেটারের নাম জানা যায়নি।
ধোনির এক ছক্কাতেই অভিসারের বারোটা বেজে গিয়েছিল এক পাকিস্তানি ক্রিকেটারের। ২০০৪ সালে ভারতীয় ‘এ’ দলের কেনিয়া সফরের ঘটনা সেটি।
ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ব্যাট করছিলেন ধোনি। সীমানায় ফিল্ডিং করছিলেন সেই পাকিস্তানি ক্রিকেটার। গ্যালারিতে বসে ম্যাচ দেখা এক ভারতীয় নারীর সঙ্গে সেখান থেকেই মনের লেনা-দেনাটা হয়ে যায় তাঁর। ধোনি ব্যাট করার সময় সেই ক্রিকেটারের ফিল্ডিংয়ের জায়গা পাল্টায়নি। এর মধ্যে ভারতীয় নারীকে পটিয়ে ফেলেন পাকিস্তানি ক্রিকেটারটি। ম্যাচ শেষ দুজনে পাশের এক রেঁস্তোরায় অভিসারে যাবেন বলেও সিদ্ধান্ত পাকা হয়। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারটি জানতেন না কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রেয়সীর সঙ্গে অন্যরকম ‘অভিসার’ ঘটবে চিকিৎসকদের।
পাকিস্তানি ক্রিকেটারটি মিড অফে ফিল্ডিংয়ের সময় ছক্কা মারেন ধোনি। বল সীমানা পেরিয়ে আছড়ে পড়ে গ্যালারিতে। এরপর হঠাৎ করেই দেখা গেল, চিকিৎসক দল দৌড়ে যাচ্ছেন গ্যালারিতে। বলের আঘাত পেয়েছেন এক দর্শক। দেখা গেল দর্শকটি আর কেউ নয়, পাকিস্তানি ক্রিকেটারটির সঙ্গে কিছুক্ষণ আগে মন দেওয়া-নেওয়া করা সেই ভারতীয় নারী! এরপর আর সেই পাকিস্তানি ক্রিকেটারের অভিসারে যাওয়া হয়নি। তাঁর অভিসার তো পণ্ড হয়েছিল-ই হারতে হয়েছিল ম্যাচও।
২০০৪ সালে আগস্টে সেই সিরিজের পর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন ধোনি। বাকিটা ইতিহাস। অন্যতম সেরা অধিনায়ক হয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন তিনি।