ধোনির ওপর রাগ কমছেই না যুবরাজের বাবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি-যুবরাজ, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ছবিঃ এএফপি।
ধোনি-যুবরাজ, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ছবিঃ এএফপি।

বাবার আবেগ বলে কথা! সেটি যদি হয় যুবরাজের বাবার, তাহলে তো কথাই নেই। আবারও যোগরাজ সিং তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের প্রতি সঠিক আচরণ করছেন না অধিনায়ক—এমনই অভিযোগ যোগরাজের।

গত বছর বিশ্বকাপে সুযোগ পাননি যুবরাজ। এতে ধোনির হাত দেখেছিলেন যু্বরাজের বাবা। ধোনিই নাকি নির্বাচকদের নিষেধ করেছিলেন যুবিকে দলে না রাখতে। কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন যুবরাজ। এমনকি খেলছেনও নিয়মিত। তাহলে এবার আপত্তি কোথায়?
এবার যোগরাজের অভিযোগ তাঁর ছেলের ব্যাটিং অর্ডার নিয়ে। কাল মুম্বাইভিত্তিক পত্রিকা মিড-ডের কাছে দাবি করেছেন, ধোনি নাকি যুবরাজকে ঠিকমতো খেলতেই দিচ্ছেন না, ‘দুই বছর ধরে যুবি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। অধিনায়ক এখন চায় সে পারফর্ম করুক। কিন্তু বাংলাদেশ ম্যাচে ধুম করে ওকে নামিয়ে দেওয়া হলো সাত নম্বরে। এসবের মানে কী? ধোনি কী প্রমাণ করতে চাইছে?’ যোগরাজের ক্ষোভ, এভাবে ব্যাটিং অর্ডার পরিবর্তন একজন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস নড়বড়ে করে দিতে পারে। ব্যাটসম্যান নিজেকে দলে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করেন। এভাবে ভালো পারফর্ম করা কঠিন। তাঁর কথা, ধোনি বা দলের অন্য কেউ এভাবে দুই বছর পর দলে ফিরে পারলে ১ রান করে দেখাক! যুবরাজকে নিয়মিত বোলিং না দেওয়ারও কড়া সমালোচনা করেছেন যোগরাজ।
সাংবাদিকদের কাছে একবার বলেছিলেন, ধোনির সামনে নাকি খুব খারাপ দিন। ভিক্ষা করে খেতে হবে তাকে! আবেগপ্রবণ বাবার এমন কথাবার্তায় এর আগেও বিব্রত হয়েছিলেন যুবরাজ। তবে কালকের এই বক্তব্যের পর যুবরাজের কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।