ধোনির কথা শুনে হতবাক কিউরেটর

পরাজয়ের পেছনে মহেন্দ্র সিং ধোনি সাধারণত অজুহাতকে ঢাল হিসেবে ব্যবহার করেন না। উপমহাদেশের অধিনায়কের সঙ্গে ধোনির মূল পার্থক্য এখানেই। হেরেও সংবাদ সম্মেলনে আসেন হাসি মুখে। সাংবাদিকদের সামলান ঠান্ডা মাথায়। অথচ সেই ধোনি ব্রিসবেন টেস্টে হারের পর অজুহাত হিসেবে এক রকম দাঁড় করালেন গ্যাবার প্র্যাকটিস উইকেট! শুনে হতবাক গ্যাবার প্রধান কিউরেটর। বললেন, এর আগে কোনো দল এমন অভিযোগ করেনি।
খেলা শুরু হওয়ার আগে নেটে নক করতে গিয়ে কনুইয়ে ব্যথা পেয়ে মাঠে নামতে পারেননি ধাওয়ান। উইকেটটা নাকি ফাটা আর বাউন্স ছিল অসমান। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, গত দুই দিন নতুন অনুশীলন উইকেট চেয়েছিল ভারত। কিন্তু তাদের সে চাহিদা পূরণ করা হয়নি। ধোনি ম্যাচের পর জানালেন, ধাওয়ানের আকস্মিক চোটের কারণে তড়িঘড়ি করে ব্যাটিং লাইন-আপ পরিবর্তন করায় ম্যাচে এর প্রভাব পড়েছে।
উইকেটের কথা শুনে অবাক গ্যাবার প্রধান কিউরেটর কেভিন মিচেল। বললেন, ‘প্র্যাকটিস উইকেট ভালো ছিল। ম্যাচের উইকেট যেমন, এটি অনেকটা তেমনই ছিল।’ খানিকটা বিস্ময় নিয়েই মিচেল বললেন, ‘কোনো সফরকারী দল এমন অভিযোগ আমাদের করেনি। আমাদের খেলোয়াড়েরা এ ধরনের উইকেটে কোনো সমস্যা মোকাবিলা করেনি। আমাদের খেলোয়াড়েরা এমন সমস্যায় পড়বে না, সে যা-ই হোক না কেন।’ সূত্র: পিটিআই।