ধোনির গৌরব, ধোনির লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির হাতে দায়িত্ব তুলে দিয়ে টেস্ট থেকে ধোনির বিদায়। ছবি: এএফপি
কোহলির হাতে দায়িত্ব তুলে দিয়ে টেস্ট থেকে ধোনির বিদায়। ছবি: এএফপি

মহেন্দ্র সিং ধোনির টেস্ট ক্যারিয়ার নয় বছরের। এর মধ্যে অধিনায়কত্বই করেছেন ছয় বছর। খেলেছেন ৯০ টেস্ট, অধিনায়কত্ব করেছেন ৬০ টেস্টে। নিজেকে সৌভাগ্যবান তিনি ভাবতেই পারেন।
২০০৮ সালের এপ্রিলে নিয়মিত অধিনায়ক অনিল কুম্বলের চোটের কারণে কানপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে নেতৃত্ব শুরু। অর্ধযুগের সে যাত্রা শেষ হলো আজ মেলবোর্নে। আকস্মিকভাবেই টেস্ট থেকে অবসরের পর ধোনির সাফল্য-ব্যর্থতার খেরোখাতায় চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।
ধোনির গৌরব
ক্রিকেট ইতিহাসে অনেক ‘প্রথমে’র সঙ্গেই জড়িয়ে আছে ধোনির নাম। টি-টোয়েন্টি ও ৫০ ওভার—দুটি বিশ্বকাপ জয়ের গৌরব একমাত্র ধোনিই গায়ে মেখেছেন। টেস্ট ক্রিকেটেও তাঁর গৌরবগাথা কম নয়। র‍্যাঙ্কিংয়ে ভারতের প্রথমবারের মতো ১ নম্বরে ওঠা তাঁর অধীনেই (নভেম্বর ২০০৯ থেকে আগস্ট ২০১১)। ভারতকে সবচেয়ে বেশি ২৭টি টেস্টও জিতিয়েছেন তিনি। ২১টি টেস্ট জেতা সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে গেছেন দৃপ্ত পদক্ষেপেই। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১০ হাজারের বেশি রান। ক্রিকেট ইতিহাসেই এ রেকর্ড রয়েছে কেবল রিকি পন্টিং (১৫৪৪০), গ্রায়েম স্মিথ (১৪৮৭৮), স্টিফেন ফ্লেমিং (১১৫৬১) ও অ্যালান বোর্ডারের (১১০৬২)।
ধোনির লজ্জা
সাফল্যের পাশাপাশি ব্যর্থতার লিস্টিটাও কম বড় নয় ধোনির। দলকে যেমন সবচেয়ে বেশি জিতেয়েছেন, তেমনি তাঁর নেতৃত্বেই বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হেরেছে ভারত। ৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া ধোনি দেশের বাইরে খেলা ৩০ টেস্টের ১৫টিতেই হেরেছেন। আরেকটু হলেই বিরাট এক ‘লজ্জা’র রেকর্ড স্পর্শ করতেন! ১৬টি টেস্ট হেরে তাঁর সামনে যৌথভাবে দুজন—নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। তবে ফ্লেমিংয়ের ১৬টি হার ৪২ টেস্টে, লারার মাত্র ২০ টেস্টে।
২০১১ সালের পর ধোনির নেতৃত্বে ভারত বিদেশের মাটিতে খেলেছে ২২ টেস্ট। এর মধ্যে জিতেছে মাত্র দুটিতে আর হেরেছে ১৩টিতে। এ বছর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া—তিন সফরে গিয়েই নাকাল ভারত! এটা ঠিক, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে তাঁর নেতৃত্ব নিয়েই বেশি সমালোচনা হয়েছে। বিশেষ করে তাঁর রক্ষণাত্মক কৌশল নিয়ে ভারতের সাবেকরা ছিলেন সমালোচনায় মুখর।
সমালোচনা কখনো গায়ে মাখেননি। তবে কি এবার সমালোচনার কাছেই হার মানলেন? টেস্ট ক্রিকেট থেকে আকস্মিক বিদায় ‘ক্যাপ্টেন কুল’ তাড়াহুড়ো যে করেননি, বোঝা যায় সুনীল গাভাস্কারের মন্তব্যেই। ভারতীয় কিংবদন্তি বললেন, ‘ধোনি জানত, কোহলি তৈরি।’ কথা হলো, অধিনায়কত্বের ব্যাটনটা বিরাট কোহলির হাতে পাকাভাবে তুলে দেওয়ার ব্যাপারটিতেও এতটা তাড়াহুড়ো কেন? তথ্যসূত্র: ক্রিকইনফো, এনডিটিভি।