মহেন্দ্র সিং ধোনিকে বড় অসহায়ই লাগছিল। নিঃসঙ্গ নেতার মতো এক প্রান্ত আগলে রেখেছিলেন। কিন্তু অন্য প্রান্তে চলছিল আসা–যাওয়ার মিছিল। কিন্তু পাঞ্জাব কিংসের বোলিংয়ের সামনে তিনি নিজেও কি বুক চিতিয়ে পাল্টা লড়াইটা করতে পারলেন? আগে ব্যাট করা পাঞ্জাবের ১৮০ রানের সংগ্রহটা পেরিয়ে যাওয়ার মতো অস্ত্র চেন্নাই সুপার কিংসের ছিল। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় ১৮১ রানের লক্ষ্যমাত্রাটাকে অনেক দূরেরই মনে হয়েছে তাদের। আইপিএলে আজকের ম্যাচে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে চেন্নাই ১২৬ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৫৪ রানে। এটি আইপিএলে চেন্নাইয়ের টানা তৃতীয় হার।
ধোনি এক প্রান্তে দাঁড়িয়ে ২৮ বলে ২৩ করলেন। ফিরলেন রাহুল চাহারের বলে উইকেটের পেছনে জিতেশ শর্মার ক্যাচ হয়ে কিন্তু তাঁর ইনিংসে অনুপস্থিত থাকল সেই আগ্রাসন, সেই লড়াই। ‘ফিনিশার’ পরিচয়টাই যে ‘ফিনিশ’ হতে চলেছে আজ মুম্বাইয়ের ধোনির ব্যাটিং দেখে সেটিই মনে হয়েছে। রবিন উথাপ্পা, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলী, অম্বাতি রাইডুরা পুরোপুরি ব্যর্থ। অধিনায়ক রবীন্দ্র জাদেজাও এলেন আর গেলেন। ১৮০ রান তাড়া করতে নেমে ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসলে সেই দল লড়াইটা আর কীভাবে করে। ধোনি নিজের অভিজ্ঞতা দিয়েও কিছু করতে পারলেন না। তবে তিনি নিশ্চিত করেই দলের মান বাঁচানো ইনিংস খেলার জন্য শিভম দুবেকে একটা ধন্যবাদ দেবেন। চেন্নাইয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৩০ বলে ৫৭ রান না করলে কী যে হতো, সেটি বলা মুশকিল।
রাহুল চাহার পাঞ্জাবের সেরা বোলার। তিনি নিয়েছেন ৩ উইকেট। বৈভব অরোরা আর লিয়াম লিভিংস্টোন—দুজনেই ২টি করে উইকেট নিয়েছেন। কাগিসো রাবাদা, আর্শদীপ সিং, ওডেন স্মিথ নিয়েছেন একটি করে উইকেট।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব চেন্নাইয়ের বোলারদের ওপর কিন্তু শুরু থেকেই রাজত্ব করতে পারেনি। বরং তাদের শুরুটা ছিল বিপর্যয়কর। দলীয় ৪ রানে মায়াঙ্ক আগারওয়ালের ফেরা, এরপর ১৪ রানে আউট ভানুকা রাজাপক্ষে। এমন পরিস্থিতিতে বাকি ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব ঠিকমতোই পালন করলেন। তৃতীয় উইকেট জুটিতে শিখর ধাওয়ান আর লিয়াম লিভিংস্টোন ৫২ বলে ৯৫ রান যোগ করে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন। ধাওয়ান ২৪ বলে ৪টি বাউন্ডারি আর এক ছক্কায় করেন ৩৩ রান। তিনি ফেরেন ডোয়াইন ব্রাভোর বলে রবীন্দ্র জাদেজার ক্যাচ হয়ে। লিভিংস্টোন অবশ্য নিজের ইনিংসটা বড় করেছেন। তবে পরের ব্যাটসম্যানদের সঙ্গে তাঁর বাকি জুটিগুলো ঠিক জমেনি। পঞ্চম উইকেট জুটিতে কেবল জিতেশ শর্মার সঙ্গে তিনি ৩১ রানের একটা জুটি গড়েন। লিভিংস্টোন ৩২ বলে ৫টি বাউন্ডারি আর ৫ ছক্কায় করেন ৬০। তাঁর এই ইনিংসেই পাঞ্জাবের ইনিংস ১৮০–তে পৌঁছায়। জিতেশ শর্মাও ভালো করেছেন। তিনি ১৭ বলে তিন ছক্কায় করেন ২৬।
চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান আর ডোয়াইন প্রিটোরিয়াস। একটি করে উইকেট নিয়েছেন মুকেশ চৌধুরী, ডোয়াইন ব্রাভো আর রবীন্দ্র জাদেজা।