ধোনির টেস্ট অধিনায়কত্ব 'অযৌক্তিক'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়কত্ব তো বটেই, সাদা পোশাকে ধোনির খেলে যাওয়া নিয়েও প্রশ্ন আছে ক্রোর। ফাইল ছবি
অধিনায়কত্ব তো বটেই, সাদা পোশাকে ধোনির খেলে যাওয়া নিয়েও প্রশ্ন আছে ক্রোর। ফাইল ছবি

মার্টিন ক্রো কিছুতেই বুঝতে পারেন না ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব কেন মহেন্দ্র সিং ধোনিকে দিয়ে রাখা হয়েছে। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটিং গ্রেট ও অধিনায়কের মতে, ধোনিকে টেস্ট দলের আদৌ কোনো ‘যৌক্তিকতা’ আছে কিনা, সেটা ভেবে দেখা দরকার।
ধোনির সমালোচনা করে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোয় লেখা এক কলামে ক্রো রাখঢাক না রেখে লিখেছেন, ‘ধোনি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলে দলটা তাঁর উদ্ভট ট্যাকটিকস, খেলোয়াড় নির্বাচনের ভাবনা থেকে রক্ষা পেত।’
ক্রো বলেন, ‘যখন বিশেষায়িত খেলোয়াড়দের দলে স্থান দিয়ে প্রতিপক্ষকে বিপাকে ফেলার দরকার, সেখানেই ধোনি তাঁর উদ্ভট ভাবনা-চিন্তার ব্যাপারটি প্রয়োগ করেন। তাঁর খেলোয়াড় নির্বাচনের অদ্ভুত নীতিই ভারতকে টেস্ট ক্রিকেটে ডোবাচ্ছে।’
টেস্টে ধোনির অধিনায়কত্বে ফিল্ডিং সাজানো ও ম্যাচের প্রয়োজন অনুসারে খেলোয়াড়দের পরামর্শ প্রদানে যথেষ্ট ঘাটতি আছে বলেই মনে করেন ক্রো, ‘লর্ডস টেস্টে ইশান্ত শর্মাকে দিয়ে শর্ট বল করে যাওয়ার ব্যাপারটি একটি ব্যতিক্রম। এর বাইরে ধোনি কখনোই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সতীর্থদের দিয়ে কিছু করাতে পারে না, তাঁর ফিল্ডিং সাজানোতেও যথেষ্ট দুর্বলতা প্রায়ই প্রকাশ পায়।’
কলামের এক পর্যায়ে টেস্ট ক্রিকেটে ধোনির উপস্থিতিও প্রশ্নবিদ্ধ করেছেন ক্রো, ‘ধোনি এমন একজন খেলোয়াড় যাঁকে রঙিন পোষাক, সাদা বল আর স্বল্প-দৈর্ঘ্যের ক্রিকেটেই বেশি মানায়। টেস্ট ক্রিকেটে ওর অধিনায়কত্ব আসলে এক ধরনের অপ্রয়োজনীয় বাহুল্য।’
ধোনিকে একটা পরামর্শ নিজের কলামে দিয়েই দিয়েছেন ক্রো, ‘ধোনির উচিত এই মুহূর্ত থেকে বিশ্বকাপের শিরোপা-রক্ষায় মনোযোগ দেওয়া। ২০১১ বিশ্বকাপে ভারত বিশ্বকাপ জিতেছিল তাঁরই অসাধারণ অধিনায়কত্বে। এই বিষয়টিতেই এই মুহূর্তে ধোনির মনোযোগটা বেশি দরকার। ধোনি আপাদমস্তক একজন সীমিত ওভার ক্রিকেটের উপযোগী ক্রিকেটার।’ পিটিআই।