প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি! পানি! পানি! পানির জন্য এখন হাহাকার করছে সারা ভারত। মহারাষ্ট্রসহ দেশটির কয়েকটি রাজ্য খরাপীড়িত। অথচ এমন সময়েই কিনা পানির অপচয়ের কারণে খবরের শিরোনাম হলেন মহেন্দ্র সিং ধোনি! তাঁর প্রতিবেশীদের অভিযোগ, প্রতিদিন প্রায় ১৫ হাজার লিটার পানি অপচয় করছেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। কীভাবে? রাঁচির বাড়িতে ব্যক্তিগত সুইমিংপুল রক্ষণাবেক্ষণের কাজে। রাঁচির কিছু অঞ্চলে পানির তীব্র সংকট চলছে, অভিযোগটা তাই বেশ গুরুত্বও পাচ্ছে। তবে ধোনির আইনি পরামর্শক বলছেন, রাঁচির বাড়িতে এলেই শুধু এই পুল ব্যবহার করেন ধোনি। পুল নিয়ে ধোনির ঝামেলা এবারই প্রথম নয়। ২০০৭ সালে পুলটি বানানোর সময়ও এই একই ‘গোষ্ঠী’ আদালতে মামলা করেছিল, যদিও মিথ্যা তথ্য দেওয়ার দায়ে মামলাটি বাতিল হয়ে যায়। ডেকান ক্রনিকল।