ধোনির নতুন দল পুনে, রায়না রাজকোটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে এবার নতুন দলে দেখা যাবে ধোনিকে। ছবি: এএফপি
আইপিএলে এবার নতুন দলে দেখা যাবে ধোনিকে। ছবি: এএফপি

প্লেয়ার্স ড্রাফটের জন্য যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে খেলোয়াড় ছিলেন ৫০ জন। তবে এঁদের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অনেকটা বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সাকিব আল হাসানের মতো, ধোনিই ছিলেন দুই দলের ‘ইচ্ছাতালিকা’র এক নম্বরে। তবে ইচ্ছেটা পূরণ হলো পুনের। আইপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজিই পেয়েছে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে।
আজ মুম্বাইয়ে ২০১৬ আইপিএলের নতুন দুটি দলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। দুটি দল ৫ জন করে খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। ভারতীয় ৫ জন, বিদেশি ৫জন। তালিকার বাকি ৪০ খেলোয়াড়দের ভাগ্য নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির আইপিএল নিলামে।
ধোনি যে পুনেতে যাচ্ছেন, সেটি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন দল দুটির ক্ষেত্রে সবচেয়ে সফল বিড করায় পুনেই খেলোয়াড় নির্বাচনের সুযোগ পেয়েছে প্রথমে। তাতে সদ্য বিলুপ্ত হয়ে যাওয়া দুবারের আইপিএল জয়ী দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকে বেছে নিতে কোনো ভুল করেনি তাঁরা। দ্বিতীয়তে সুযোগ পেয়ে রাজকোট বেছে নিয়েছে আরেক ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নাকে। মজার ব্যাপার, এর আগের প্রতিটি আইপিএলেই দুজন একসঙ্গে খেলেছেন চেন্নাইয়ের হয়ে। এবারই প্রথম এই টুর্নামেন্টে একে অন্যের বিপক্ষে খেলবেন।
ভারতীয় খেলোয়াড়দের মধ্যে বাকি যে ৩ জনের ভাগ্য নির্ধারিত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই মাত্রই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে বেশ ভালো পারফর্ম করেছেন। সিরিজে ভারতের জয়ের মূল ভরসার দুই স্পিনারের মধ্যে রবিন্দ্র জাদেজা গেছেন রাজকোটে, আর রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে পুনে। দিল্লিতে সিরিজের শেষ টেস্টে জোড়া সেঞ্চুরি করা অজিঙ্কা রাহানেকেও বেছে নিয়েছে পুনে। 

বিদেশি খেলোয়াড়দের মধ্যে আগে সুযোগ পেয়ে রাজকোট বেছে নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। আর ম্যাককালামের তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে বেছে নিয়েছে পুনে। বাকি যে তিনজন খেলোয়াড় আজ দল পেয়েছেন তাঁরা হলেন - অস্ট্রেলিয়ার জেমস ফকনার (রাজকোট), দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি (পুনে) ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (রাজকোট)।

পূর্ণ তালিকা:
পুনে: মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভেন স্মিথ, ফ্যাফ ডু প্লেসি।
রাজকোট: সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, ব্রেন্ডন ম্যাককালাম, জেমস ফকনার, ডোয়াইন ব্রাভো। তথ্যসূত্র: আইপিএল ওয়েবসাইট।