ধোনির পা ছুঁতে...

ঝোড়ো সেঞ্চুরি করেছেন শেন ওয়াটসন। দুর্দান্ত বোলিং করেছেন শার্দুল ঠাকুর। কিন্তু ভক্তের ভালোবাসামাখা চোখ খুঁজে নিল শুধু একজনকে। ভালোবাসার টানে শাস্তির ভয় উপেক্ষা করেই মাঠে নেমে এলেন। মহেন্দ্র সিং ধোনিকে একবার ছুঁয়ে দেখে, তাঁর পদধূলি নিয়ে জীবন ধন্য করে নিলেন সেই ভক্ত। কাল চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালসের ম্যাচের মাঝপথেই ঘটেছে এ ঘটনা।
চেন্নাই ইনিংসের ১২তম ওভারের ঘটনা। মাত্রই আউট হয়ে গেছেন সুরেশ রায়না। এই ব্যাটসম্যান যখন ড্রেসিংরুমের পথে, ধোনি তখন মাঠে মাত্র ঢুকেছেন। এমন অবস্থায় এক ভক্ত ছুটে এলেন ধোনির পা ছুতে। রায়না যখন পাশ দিয়ে যাচ্ছেন, তখনই ধোনির পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন ভক্ত। ধোনিও সে ভক্তকে নিয়ে পাশাপাশি হাঁটলেন কিছুক্ষণ। সে পর্ব শেষ হতেই সে ভক্ত চললেন নিজের পথে। আকাশের দিকে তাকিয়ে নিজের স্বপ্নপূরণের তৃপ্তিটা প্রকাশ করলেন।

ধোনির পা ছুঁতে ভক্তদের এমন পাগলামি নতুন কিছু নয়। এর আগেও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেও ধোনিভক্তরা এমন কাণ্ড করেছেন। রাজনৈতিক অস্থিরতায় নিজেদের ভেন্যুতে কাল খেলতে পারেনি চেন্নাই দল। পুনেতে তবু চেন্নাই-সমর্থকদের অভাব হয়নি; যেমন কমতি নেই ধোনিভক্তদের ভালোবাসার।