ধোনির মতো 'শান্ত' থাকবেন কোহলি !

মহেন্দ্র সিং ধোনির ঠিক বিপরীত চরিত্র বিরাট কোহলি। একজন ঠান্ডা মস্তিষ্কের, অন্যজন আক্রমণাত্মক মানসিকতার। ধোনির আকস্মিক টেস্ট অবসরের পর অধিনায়কের দায়িত্ব বর্তেছে কোহলির ওপর। কথা হলো, কোহলি অধিনায়কত্ব করবেন কোন কৌশলে—স্বভাবসুলভ আক্রমণাত্মক নাকি ধোনির মতো ঠান্ডা মাথায়?
ভারতের নতুন টেস্ট অধিনায়ক বললেন, ‘তাঁর (ধোনি) কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিশেষ করে কঠিন সময়ে তাঁর ধৈর্য, সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা থেকে যা শিখেছি, তা অমূল্য। যেকোনো অধিনায়ক এগুলোই আত্মস্থ করতে চাইবে। আশা করি, আমি তাঁর মতো শান্ত থাকতে পারব।’
তবে কোহলি ভাবতেও পারেননি এভাবে আকস্মিক অধিনায়কত্ব নিতে হবে। মেলবোর্নে ধোনির বিদায় কতটা আকস্মিক ছিল, সে ব্যাপারে কোহলি বললেন, ‘মেলবোর্ন টেস্টের পর আমরা সবাই সাজঘরে গোছগাছে ব্যস্ত ছিলাম। এ সময় ধোনি ঢুকল। বলল, কিছু বলতে চাই। তখন নিজের সিদ্ধান্ত জানাল। সবাই হতচিকত হয়ে পড়েছিলাম। এটা এতটাই আকস্মিক ছিল, একেবারে আমাদের কল্পনার বাইরে। এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদের জন্য বিরাট ধাক্কা ছিল সেটা। বুঝতেই পারছিলাম না, কী বলতে হবে। আমাদের বিশেষ করে তাঁর অধিনায়কত্বের সময় যে সব তরুণের অভিষেক হয়েছে, তাদের জন্য খুব আবেগ ও বিস্ময়কর মুহূর্ত ছিল এটা।’ তথ্যসূত্র: পিটিআই।