
আরও একবার বিতর্কে জড়ালেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ভারতের তথৈবচ পারফরম্যান্সের পর পুরো দেশের সমালোচনার তির যখন তাঁর দিকেই তাক করা, ঠিক তখনই ধোনির এক মন্তব্যে আবারও তোলপাড় ভারতীয় ক্রিকেটাঙ্গন।
কিছু দিন আগেই ওয়ানডে সিরিজের জন্য সাবেক অধিনায়ক ও ভাষ্যকার রবি শাস্ত্রীকে ‘ক্রিকেট পরিচালক’ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট সিরিজে ব্যর্থতার পর শাস্ত্রীকে দলের অঘোষিত ‘প্রধান’ হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। কথা ছিল, কোচ ডানকান ফ্লেচারসহ অন্যান্য সাপোর্ট স্টাফ ওয়ানডে সিরিজের সময় ‘রিপোর্ট’ করবেন শাস্ত্রীর কাছে। এই সময়ের জন্য ‘বিশ্রামে’ পাঠানো হয়েছিল বোলিং কোচ জো ডয়েস ও ফিল্ডিং কোচ ট্রেভর পেনিকে। কিন্তু ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে সংবাদ সম্মেলনে অধিনায়ক ধোনি বলেছেন, ‘ফ্লেচারই দলের সব, শাস্ত্রী কেবল দেখাশোনা করবেন খেলার বাইরের বিষয়গুলো।’ সংবাদ সম্মেলনে ‘বিশ্রামে’ যাওয়া দুই সহকারী কোচেরও পাশে দাঁড়িয়েছেন ধোনি। সেই সঙ্গে বলেছেন, ‘কে কী বলেছেন জানি না, ফ্লেচারের অধীনেই আমরা আগামী বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। তিনিই দলের সবকিছু।’
ধোনির এই মন্তব্যে আবারও উত্তপ্ত ভারতীয় ক্রিকেটের জগত্। অনেকেই ধোনির এই মন্তব্যকে ‘অযাচিত’ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘ধোনি আসলে কী বলছে, সে নিজেই তা জানে না।’
রবি শাস্ত্রীর নিয়োগ নিয়ে শুরু থেকেই এক ধরনের ধোঁয়াশা সবার মধ্যে। তবে বোর্ড যে বিবৃতি দিয়ে শাস্ত্রীকে ক্রিকেট পরিচালক পদে নিয়োগ দিয়েছে, সেটা ভালোভাবে পর্যালোচনা করলে কিন্তু ধোঁয়াশা থাকার কোনো কারণই নেই। বোর্ড সহজ-সরল ভাষাতেই জানিয়ে দিয়েছিল, ওয়ানডে সিরিজে ভারতীয় দলের সবকিছুই দেখভাল করবেন শাস্ত্রী। তার মানে শাস্ত্রীই এই মুহূর্তে ভারতীয় দলের ‘প্রধান’, এমনকি তিনি কোচ ফ্লেচারেরও বস।
এদিকে ধোনির মন্তব্যে খেপেছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও। বিশেষ করে যাঁরা ফ্লেচারের সমালোচনায় সবচেয়ে বেশি উচ্চকিত। গুন্ডাপ্পা বিশ্বনাথ রীতিমতো ক্ষুব্ধ ধোনির ওপর, ‘কেউ কি ওকে মনে করিয়ে দেবেন যে ওর কাজ কেবল মাঠে দলকে নেতৃত্ব দেওয়া। আর অন্য কিছু নিয়ে ওর মাথা না ঘামালেও চলবে। বোর্ডের নির্দেশে শাস্ত্রীই দলের হর্তাকর্তা। এসব নিয়ে উল্টোপাল্টা মন্তব্য ধোনির না করলেও চলত।’
সাবেক উইকেটরক্ষক সৈয়দ কিরমানি অবশ্য বেশ খানিকটা বিভ্রান্ত ধোনির বক্তব্যে, ‘জানি না কে ঠিক কথা বলছে। কিছু দিন আগে জানলাম, রবি শাস্ত্রীকে দলের সবকিছুর অধিকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সেই মোতাবেক কাজও শুরু করে দিয়েছেন। এখন ধোনি বলছে অন্য কথা। ক্রিকেট বোর্ডের উচিত, অতি দ্রুত এ ব্যাপারে সব বিভ্রান্তি দূর করা।’
এদিকে, বিসিসিআই এ ব্যাপারে বিভ্রান্তি দূর করতে গিয়ে ধোনির কথাবার্তাকে তাঁর ‘ব্যক্তিগত মতামত’ হিসেবে উল্লেখ করেছে। সূত্র: এবেলা , কলকাতা, রয়টার্স।