ধোনি যেদিন উইকেট পেয়েছিলেন...

মহেন্দ্র সিং ধোনি বোলিং করে উইকেট পেয়েছিলেন। এখন পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারে তাঁর একমাত্র উইকেটটি এসেছিল চ্যাম্পিয়নস ট্রফিতেই। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির পঞ্চম আসর সাক্ষী হয়েছিল এই বিরল অথচ চমকপ্রদ দৃশ্যটির।
২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি ভারতের জন্য ভুলে যাওয়ার মতোই। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার গ্রুপসঙ্গী ভারতকে সেবার বিদায় নিতে হয়েছিল সেমিফাইনালে না খেলেই। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় বৃষ্টির কারণে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারালেও সেই ম্যাচটি ছিল নিতান্তই আনুষ্ঠানিকতার।
২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর তারিখটি ধোনি আলাদা করেই মনে রাখতে পারেন। জোহানেসবার্গে এদিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র উইকেটটি পেয়েছিলেন ধোনি। প্রভীন কুমার, আশিস নেহরা ও হরভজন সিংয়ের বোলিংয়ে বিপর্যয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ট্রাভিস ডাওলিনকে আউট করেন তিনি। ধোনির মিডিয়াম পেসে বোল্ড হয়েছিলেন ডাওলিন। ২ ওভার বল করে ১৪ রান দিয়ে উইকেটটি নিয়েছিলেন ভারত অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে সেই ম্যাচেই প্রথম ও এখন পর্যন্ত শেষবারের মতো বোলিং করেছিলেন ধোনি।
২৮৬ ওয়ানডের ক্যারিয়ারে মাত্র ২ ম্যাচে বোলিং করেছেন ধোনি। ৬ ওভার বল করে দিয়েছেন ৩১ রান। উইকেট ডাওলিনেরটিই। ডাওলিনকে নিশ্চয়ই আলাদা করেই মনে রাখেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের হিসাব ধরলে তাঁর উইকেটের সংখ্যা বাড়বে আরও একটি। ডাওলিনের উইকেটটিসহ তাঁর লিস্ট ‘এ’ উইকেট ২টি।
টেস্ট ক্রিকেটেও বোলিং করেছেন ধোনি। ৯০ ম্যাচে মাত্র ৭ ইনিংসে। উইকেট পাননি একটিও।