ধোনির ১০০ কোটি রুপির মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ চলছে, মনোযোগটা মাঠেই রাখা দরকার মহেন্দ্র সিং ধোনির। অথচ ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে এখন ব্যস্ত থাকতে হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে। দিন কয়েক আগে ভারতীয় দৈনিক সান স্টার-এ দেওয়া সাক্ষাৎকারে দলের সাবেক ম্যানেজার সুনীল দেব ধোনির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন। তবে ৩৫ বছর বয়সী ভারত অধিনায়কও চুপটি করে বসে নেই। তিনিও পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন। ক্ষতিপূরণের অর্থের অঙ্কটা বিশাল—প্রায় ১০০ কোটি রুপি!
সুনীল দেবের স্টিং (গোপনে ধারণ করা) সাক্ষাৎকারের ভিত্তিতে সান স্টার রিপোর্ট করেছিল, ২০১৪ সালের ইংল্যান্ড সফরে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ধোনির ফিক্সিংয়ে জড়িত ছিলেন। তবে এর বিপরীতে ব্যবস্থা নিচ্ছেন ধোনি আইনজীবীরাও। সাক্ষাৎকারটিকে ‘প্রোপাগান্ডা’ জানিয়ে ধোনির ‘সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা’র অভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন তাঁরা, ৯ পৃষ্ঠার লিগ্যাল নোটিশও পাঠিয়েছেন। অবশ্য রিপোর্টটি প্রত্যাহার করে নেওয়ার জন্য পত্রিকাটিকে দুই দিন সময় দিয়েছেন। জি নিউজ।