ধোনির ৩০০

ভারত-শ্রীলঙ্কার ৪র্থ ওয়ানডেতে যেন রেকর্ডের ছড়াছড়ি। ভারতের হয়ে ৩০০তম ওয়ানডে খেলতে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলিকে আউট করে ওয়ানডেতে নিজের ৩০০ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। খেলা এখনো চলছে। ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই। টস জিতে ব্যাটিং করতে নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করছেন ভারতীয় ব্যাটসম্যানরা।
ওয়ানডে ইতিহাসে ৩০০ ম্যাচ খেলা ২০তম ক্রিকেটার হলেন ধোনি। সর্বোচ্চ ৪৬৩ ম্যাচ খেলেছেন তাঁর স্বদেশি শচীন টেন্ডুলকার। ৪০০ ম্যাচ খেলেছেন টেন্ডুলকার ছাড়া আরও তিন শ্রীলঙ্কান। সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। উইকেটরক্ষক হিসেবে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে খেললেন ধোনি। ৩৬০ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন সাঙ্গা।
অধিনায়ক হিসেবে ধোনির মতো উজ্জ্বল ক্যারিয়ার খুঁজে পাওয়া কঠিন। একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফিই (বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ) জিতেছেন। দেখে নিন ‘মাহি’র আরও কিছু বিশেষ কীর্তি।
*·সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৩৩১ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
* সফল রান তাড়া করায় তাঁর ব্যাটিং গড় ১০১.৮৪!
* মোট ৯ বার ৬ মেরে ম্যাচ শেষ করেছেন। একমাত্র ভারতীয় হিসেবে ওয়ানডেতে ২০০ ছয় মেরেছেন।
·* উইকেটকিপারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ১৮৩ রান।
·* সব ফরম্যাট মিলিয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৭৩৭টি ডিসমিসাল তাঁর। সূত্র: ক্রিকইনফো।