ধোনির 'শত্রু' ফিরছেন প্রধান নির্বাচক হয়ে!

মহেন্দ্রর ‘বিভীষণ’ মহিন্দর!
দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। ওয়ানডেতে মনোযোগ দেওয়ার জন্য বিশ্বকাপের আগেই টেস্ট অধিনায়কত্বে যতি টেনেছেন। তবু বিশ্বকাপ থেকে ফিরেছেন খালি হাতে। বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে সিরিজেই বাংলাদেশের কাছে সিরিজ হেরে বসেছেন। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসকে দেখলেন আদালতের রায়ে নিষিদ্ধ হতে। এবার দুশ্চিন্তার তালিকায় যোগ হতে যাচ্ছে আরেকটি নাম—মহিন্দর অমরনাথ।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য অমরনাথকে ভাবা হচ্ছে পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে। আর সেটিই হতে পারে ধোনির জন্য দুশ্চিন্তার বিষয়। সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয় অনেক আগে থেকেই। নির্বাচক হিসেবে এর আগেও অমরনাথ দায়িত্ব পালন করেছেন। কিন্তু ২০১২ সালের দিকে তাঁকে ওই দায়িত্ব থেকে সরে যেতে হয়। সেবার ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে টানা আট টেস্ট হারে ভারত। নির্বাচক হিসেবে অমরনাথ চেয়েছিলেন অধিনায়কের পদ থেকে সরে যান ধোনি। কিন্তু উল্টো সরে যেতে হয় তাঁকেই।
ধোনিকে সরিয়ে ফেলার অমরনাথের এই প্রস্তাব ফাঁস হয়ে গেলে দুজনের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এর পর ধোনির সমালোচনায় কখনো পিছপাও হননি অমরনাথ। গত বছর আরও একবার উচ্চকণ্ঠ হয়ে উঠেছিলেন ধোনির অধিনায়কত্ব নিয়ে। মন্তব্য করেছিলেন, ‘ধোনি খুব রক্ষণাত্মক মনোভাবের। সে প্রতিপক্ষকে খেলায় ফেরার সুযোগ দেয়। ওর রেকর্ড কেবল দেশের মাটিতেই ভালো, প্রাক্তন সব অধিনায়কদের মতো। এটা বলার মতো কিছু নয়। দেশের বাইরে ভালো করতে মনসুর আলী খান পতৌদির মতো দলনেতার প্রয়োজন।’
এরই মধ্যে টেস্টে বিরাট কোহলির মতো আক্রমণাত্মক খেলোয়াড়কে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। কোহলিও বাংলাদেশের বিপক্ষে ভারতের পরাজয়ের পর প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ধোনির। ফলে অমরনাথ প্রধান নির্বাচক হয়ে এলে ধোনির আরও কোণঠাসা হয়ে পড়া মোটামুটি নিশ্চিত। প্রধান নির্বাচকের দায়িত্ব পেলে দলে নিশ্চয় আরও পরিবর্তন আনতেই চাইবেন। সেটা শুরু হতে পারে শীর্ষ পর্যায়েই। সীমিত ওভারের দলনেতার ভূমিকা নিয়ে তাই দুশ্চিন্তায় পরতেই পারেন ভারতকে বিশ্বকাপ জেতানো ধোনি। সবচেয়ে বড় কথা, ২০১৯ বিশ্বকাপে ধোনির জায়গা নিশ্চিত নয়। তাই এখনই সেখানে চোখ রেখে ভারতের নতুন নেতৃত্বে নতুন দল গড়ার দিকে মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন অনেকে।
মহিন্দর-উদ্বেগে ভুগতেই পারেন মহেন্দ্র! পিটিআই অবলম্বনে।