ধ্বংসের কারণ টি-টোয়েন্টি!
সেই ঐশ্বর্য নেই। নেই প্রবল পরাক্রমশালী পরিচয়টাও। ওয়েস্ট ইন্ডিজ তা ফেলে এসেছে কোন অতীতে। ক্যারিবীয়দের বীরত্বগাথার গল্প খুঁজতে হবে ইতিহাসের পাতায়। সোনালি সময়ের ছবি মনে ভেসে উঠলে গ্যারি সোবার্সের মনটা হু হু করে ওঠারই কথা। সোনালি সময়ের কান্ডারিকে ওয়েস্ট ইন্ডিজের এমন দশা পোড়াবেই। ক্যারিবীয়রা কেন হারিয়ে ফেলল ঐতিহ্য? অনেক কারণ খুঁজে পেতে পারেন বিশ্লেষকেরা। তবে সোবার্স মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এখন ধ্বংস করছে টি-টোয়েন্টি ক্রিকেট।
টি-টোয়েন্টি মানেই বিপুল অর্থের ছড়াছড়ি। ক্যারিবীয় খেলোয়াড়দের কারও কারও কাছে টাকাটা এতটাই মুখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার বদলে ভিনদেশি টি-টোয়েন্টি লিগগুলোতে খেলাতেই বেশি উৎসাহ বোধ করেছেন। ক্রিস গেইল, সুনীল নারাইনরা বোর্ডের চুক্তিতে সইও করেননি। এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ নয়। ফলে দেশের হয়ে খেলার আবেগও এখানে কাজ করে না।
তবে সোবার্সদের সময়ে গল্পটা ছিল অন্য রকম। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে পারাটাই ছিল এই দ্বীপপুঞ্জের ক্রিকেটারদের আজন্মলালিত স্বপ্ন। নিজের নামের চলা সিরিজ দেখতে শ্রীলঙ্কায় উড়ে আসা সোবার্স, ‘খেলায় এখন প্রচুর টাকা। এখনকার অধিকাংশ খেলোয়াড়ের সেই মন, ভাবনাটা নেই, যেটা আমার ছিল...নিজের সবটুকু উজাড় করে দিয়েছি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে। সব সময়ই বলেছি, নিজের জন্য কখনো রান করিনি; খেলেছি কেবল ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। নিশ্চয় জানেন, রেকর্ড কোনো অর্থ বহন করে না। দলটাই ছিল গুরুত্বপূর্ণ।’
ক্রিকেটের বড় দৈর্ঘ্য ওয়েস্ট ইন্ডিজের ধারাবাহিক দুর্দশা চলছেই। টেস্ট র্যা ঙ্কিংয়ে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ এ বছর আট টেস্টে জিতেছে মাত্র একটিতে। ড্র এক। হার পাঁচটিতেই। সিরিজ জেতা হয়নি একটিও। ক্যারিবীয়দের এ ত্রাহি দশার পেছনে টি-টোয়েন্টিকেই দায়ী করলেন সোবার্স, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ধ্বংস করেছে টি-টোয়েন্টি, এটাই বলব।’
সোবার্সের কাছে টেস্টই ক্রিকেটের আসল সংস্করণ, যেখানে একজন খেলোয়াড় নিজেকে মেলে ধরতে ও সামর্থ্যের সর্বোচ্চ পরীক্ষা দিতে পারেন। তবুও কেন টেস্টের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি ঝুঁকছেন খেলোয়াড়েরা? ৯৩টি টেস্টে ৮০৩২ রান ও ২৩৫ উইকেট নেওয়া ক্যারিবীয় কিংবদন্তির মন্তব্য, ‘ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের দিকে তাকান, দেখবেন বেশির ভাগই এসেছে অসচ্ছল পরিবার থেকে। পরিবারকে সহায়তা করতে টাকা উপার্জনে এটা (টি-টোয়েন্টি) তাদের কাছে দারুণ সুযোগ। সে ক্ষেত্রে তাদের দোষ দেওয়া যায় না। তবে আমরা সব সময়ই মনে করেছি, টেস্টই সর্বোৎকৃষ্ট। যদি ক্রিকেটার হন, এ সংস্করণকেই প্রাধান্য দিতে হবে।’ এএফপি, ক্রিকইনফো।