নওয়াজ শরিফের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

তাহলে কি নাটকের শেষ হলো? অন্তত সৌরভ গাঙ্গুলীর দাবি সে রকমই। ক্রিকেট অ্যাসোসিয়েশন আব বেঙ্গলের সভাপতি (সিএবি) গাঙ্গুলী টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, আর কোনো অনিশ্চয়তা নেই, আজ বিকেলেই কলকাতায় পৌঁছে যাবে পাকিস্তান দল।
তবে গাঙ্গুলী এমন নিশ্চিত করে বলার পরও অনিশ্চয়তার মেঘ থেকেই যাচ্ছে। ভারতের এনডিটিভি জানিয়েছে, আজ সকালে জরুরি বৈঠকে বসেছেন পাকিস্তান সরকারের নীতিনির্ধারকেরা। সৌদি আরব থেকে ফিরে সেখানে যোগ দেওয়ার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। পাকিস্তান আদৌ ভারত যাবে কি না, সেটা নির্ভর করছে তাঁর সিদ্ধান্তের ওপর।
আফ্রিদিদের ভারত যাওয়ার কথা ছিল গত মঙ্গলবার। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে যাত্রাটা পিছিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। গত পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যুও ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইডেন গার্ডেনে। এরপর ভারতের প্রচারমাধ্যম জানায়, পাকিস্তান এক-দুই দিনের মধ্যেই কলকাতায় চলে আসবে। কিন্তু গতকালই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান জানিয়ে দিলেন, নিরাপত্তার লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত ভারত যাবে না পাকিস্তান।
গতকালই আবার ভারতীয় গণমাধ্যম জানায়, পাকিস্তান দলকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে গাঙ্গুলীকে আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাঙ্গুলী এরপরই জানিয়েছেন, ‘সব ঠিকঠাক হয়ে গেছে। আজ বিকেলের মধ্যেই চলে আসবে পাকিস্তান।’
কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সেটি নিশ্চিত না করায় সংশয় থেকেই যাচ্ছে।