নকআউট পর্বে সহজ প্রতিপক্ষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

কোয়ার্টার ফাইনালে এরই মধ্যে জায়গা পেয়ে গেছে কয়েকটি দল। কেউ কেউ জায়গা পেতে এখনো লড়ছে। আমি রোমাঞ্চটা টের পাচ্ছি, কারণ প্রতিটি দলই চাইছে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে এটাও সত্যি, আপনি যখন নকআউট পর্বে খেলবেন কোনো দলকেই হালকাভাবে নেওয়ার উপায় নেই। গ্রুপ পর্বে হয়তো আপনি অনেক ম্যাচের ফল আগে থেকে অনুমান করে রাখতে পারেন, নকআউটে নয়।
এই বিশ্বকাপে একটা ব্যাপার আমাকে খুব বিস্মিত করেছে। টান টান উত্তেজনার ম্যাচ খুব বেশি দেখলাম না। এর কারণও আছে। উইকেট একটা ব্যাপার। ৩০০ রানও এখানে নিরাপদ মনে হচ্ছে না। আর সব নিয়ম-কানুনও ব্যাটসম্যানদের পক্ষে, বোলারদের কাজটা অনেক কঠিন হয়ে গেছে। এখন দলের সেরা বোলার যদি ওভারপ্রতি ৬-৭ রান করেও দেয় তাহলে ভালো বোলিং বলতে হচ্ছে। আমাদের সময়ে ব্যাপারটা এ রকম ছিল না। ১০ ওভারে ৬০ রান দিলে তখন অধিনায়কের সন্তুষ্টির কারণ হওয়া যেত।
ভারত গ্রুপ পর্বে তাদের শেষ দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের মাঠে, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের বিপক্ষে। হ্যামিল্টন আর অকল্যান্ডের উইকেট কিন্তু মোটেও পার্থের মতো হবে না। বাউন্স, সুইং থাকবে বলেই মনে হচ্ছে। তবে আমাদের পেস বোলাররা দারুণ ফর্মে আছে। তাই বলে আমি বলছি না আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ। নিজেদের দিনে ওরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। একটা ব্যাপার ভারতীয় খেলোয়াড়দের মাথায় রাখা উচিত যাতে নকআউট পর্বের আগে তারা চোটমুক্ত থাকতে পারে। ফিটনেস ধরে রাখাই এখন ভারতের মূল লক্ষ্য হওয়া উচিত।