ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া ও ভারত সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে। সিডনির সেই সেমিফাইনালের পর পার হতে চলল প্রায় ১০ মাস। এই সময়ে অস্ট্রেলিয়া দলে এসেছে অনেক পরিবর্তন। বিশ্বকাপজয়ী সে দল থেকে বিদায় নিয়েছেন মাইকেল ক্লার্ক, মিচেল জনসন ও ব্র্যাড হাডিন। ফর্মের কারণে দল থেকে ছিটকে পড়েছেন শেন ওয়াটসন। চোটের কারণে নেই মিচেল স্টার্কও। এতগুলো পরিচিত মুখের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া তো নতুনই এক দল! নতুন অধিনায়ক স্টিভেন স্মিথ। দলে অভিষেকপ্রত্যাশী দুই পেসার জোয়েল প্যারিস ও স্কট বোল্যান্ড।
তবে দুই দলের লড়াইয়ের অতীত পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম আজ থেকে শুরু পাঁচ ওয়ানডের সিরিজে এগিয়ে রাখছে অস্ট্রেলিয়াকেই। অস্ট্রেলিয়ার মাটিতে ৪৩টি ম্যাচের মাত্র ১০টি জিতেছে ভারত। ২০০৮ সালের পর থেকে ছয়টি ম্যাচের মাত্র একটিতেই জিতেছে তারা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে দুইয়ে অবস্থান যাঁর, সেই বিরাট কোহলিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘কোহলিসুলভ’ নন। সাত ম্যাচে করেছেন মাত্র ৯৫। গড় ১৫.৮৩! আজ থেকে শুরু পাঁচ ওয়ানডের সিরিজে নিশ্চিয়ই ভালো খেলার জন্য চাপ অনুভব করছেন কোহলি।
চাপ তো ভারতেরও। বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ভারত ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকার কাছে। দলগত র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় স্থানটি ধরে রাখতে হলে সিরিজে কমপক্ষে একটি ম্যাচ জিততেই হবে মহেন্দ্র সিং ধোনির দলকে। জয়ের তাগিদ থেকেই পরিবর্তন আনা হয়েছে ভারতীয় দলেও। দলে একেবারেই নতুন মুখ তিনজন—বারিন্দর স্রান, গুরকিরাত সিং ও ঋষি ধাওয়ান। এঁদের মধ্যে আজই অভিষেক হতে পারে বারিন্দার স্রানের, বাংলাদেশের মুস্তাফিজের মতো কাটার দিতে পারেন বলে তাঁকে বলা হচ্ছে ‘ভারতের মুস্তাফিজ’। দুই দলে নতুন মুখের ছড়াছড়ি থাকলেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকেই। নতুন অধিনায়ক স্টিভ স্মিথ এবং অস্ট্রেলিয়ার জন্য সিরিজটিকে বড় পরীক্ষা হিসেবে মেনে নিয়েও চ্যাপেল বলছেন, ‘ভারতের ভালো অলরাউন্ডার নেই। ব্যাটিংয়ের প্রথম চারে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সহজাত এবং আগ্রাসী ব্যাটসম্যান থাকলেও শুরুর বিপর্যয়ে তাদের রক্ষণাত্মক ব্যাটিং করতে হতে পারে।’
সিরিজ কে জিতবে সেটি পরের কথা, তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দুই দলের লড়াই দেখার জন্য ক্রিকেট-বিশ্ব যে উন্মুখ হয়ে আছে, এটি না বললেও চলছে। ক্রিকইনফো, এএফপি।
সিরিজের সূচি
১২ জানুয়ারি ১ম ওয়ানডে পার্থ
১৫ জানুয়ারি ২য় ওয়ানডে ব্রিসবেন
১৭ জানুয়ারি ৩য় ওয়ানডে মেলবোর্ন
২০ জানুয়ারি ৪র্থ ওয়ানডে ক্যানবেরা
২৩ জানুয়ারি ৫ম ওয়ানডে সিডনি