নতুন আইনেও পুরোনো ওয়ার্নার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ওয়ার্নার একটু ঝামেলায় পড়ারই কথা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নতুন আইনে আগামী অক্টোবরের পর ব্যাটের আকার বদলাতে হবে ব্যাটসম্যানদের। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনার যে ঢাউস আকারের ব্যাট ব্যবহার করেন, সেটি নতুন নিয়মের সঙ্গে যায় না। শুধু ওয়ার্নারই নন, স্টিভ স্মিথসহ আরও অনেক অস্ট্রেলিয়ানকেই অক্টোবরের পর ব্যাটের আকার বদলাতে হবে। তাতে ঝামেলায় পড়বেন না?
ওয়ার্নারের নিজের বিশ্বাস, পড়বেন না। ব্যাটের আকার যা-ই হোক, বল বাউন্ডারিতে আছড়ে ফেলা নিয়ে কোনো সংশয় নেই ৩০ বছর বয়সী বাঁহাতির। তবে আরেকটি আইন ঠিকই ঝামেলায় ফেলছে ওয়ার্নারকে। সুইচ হিটের ক্ষেত্রে এলবিডব্লুর আইনটি বুঝতে ভুল করছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
নতুন নিয়মে একটি ব্যাট প্রস্থে হবে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার, সর্বোচ্চ পুরুত্বে ৬৭ মিলিমিটার, আর কিনারার পুরুত্বে ৪০ মিলিমিটার। ওয়ার্নারের ব্যাটের কিনারাই ৫০ মিলিমিটার। ব্যাটের আকার তাই বদলাতেই হবে। তবে এতে কোনো সমস্যা দেখছেন না অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক, ‘আমাদের শুধু এই বদলের সঙ্গে মানিয়ে নিতে হবে। বল এখনো একই দূরত্বেই যাবে, বাউন্ডারির বাইরে গিয়েই পড়বে। এখনো এক-দুই করে নিতে পারব। হয়তো দু-একটা শট ঠিকঠাক দূরত্বে যাবে না।’
নতুন নিয়মে সমস্যা হবে কি হবে না, সেটি অক্টোবরের পর জানা যাবে। আপাতত ভারত সফরে ব্যাট হাতে হিমশিম খাচ্ছেন ওয়ার্নার। সিরিজে দুই টেস্টে রান করেছেন মাত্র ৯৮। চার ইনিংসের তিনটিতেই আউট হয়েছেন অশ্বিনের বলে, বেঙ্গালুরু টেস্টেই দুবার। এ নিয়ে ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা তো খোঁচাও মেরেছেন ওয়ার্নারকে। বিসিসিআই টিভিতে সাক্ষাৎকারে বলেছেন, ‘যখনই ওয়ার্নার ক্রিজে আসে, অ্যাশ (অশ্বিন) খুশি হয়ে যায়!’
অশ্বিনকে পাল্টা আক্রমণের একটা উপায় অবশ্য জানা আছে বাঁহাতি অস্ট্রেলিয়ানের। সুইচ হিট। বেঙ্গালুরুতেও অশ্বিনের বলে শটটা খেলবেন ভেবেছিলেন। খেলেননি সুইচ হিটের ক্ষেত্রে এলবিডব্লুর আইনটা বুঝতে ভুল করায়। এক সাংবাদিক সুইচ হিটের প্রসঙ্গ তোলায় ওয়ার্নার বলেন, ‘ওটার কথা ভেবেছি। রিভার্স সুইপ খেলারও চেষ্টা করেছি। তবে যদি আপনি সুইচ হিট খেলেন এবং শট মিস করেন, তাহলে এলবিডব্লু হলেও হতে পারেন। কিন্তু রিভার্স সুইপের ক্ষেত্রে এলবিডব্লু হবেন না।’
এখানেই ভুলটা হচ্ছে ওয়ার্নারের। ২০১২ সালের মে মাসে আইসিসি এলবিডব্লুর আইনে বদল আনার কথা ভেবেছিল। সুইচ হিট খেলার চেষ্টা করা একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে পায়ে লাগলেও এলবিডব্লু দেওয়ার নিয়মের কথা বলা হচ্ছিল। তবে আইনটা পাস হয়নি। এক বছর পরই আইসিসি ঘোষণা করে, সুইচ হিটের ক্ষেত্রেও নিয়মটা একই থাকবে।
সম্ভবত এ ঘোষণাটি আর শোনেননি ওয়ার্নার। ক্রিকইনফো।