নতুন আলোয় আসার সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরুল কায়েস
ইমরুল কায়েস

মাশরাফি বিন মুর্তজাকে দেখা গেল, খুব স্নায়ুচাপে ভুগছেন। লাগেজে জামাকাপড় কী নেবেন, কী নেবেন না, কীভাবে এত কিছু গোছাবেন! একসময় এসব অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এখন সে অভ্যাসে মরচে ধরেছে। কাল বিসিবিতে কী একটা কাজে এসেও তাই কাজ শেষ না করেই তড়িঘড়ি বাসায় চলে গেলেন লাগেজ গোছাতে।
বিদেশের মাটিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১২ সেপ্টেম্বরে। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। দেশের বাইরে শেষ ওয়ানডে খেলেছেন গ্লাসগোতে ২০১০ জুলাইয়ে হল্যান্ডের বিপক্ষে। মাঝে লম্বা বিরতি। আজ রাতে বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের উড়ানে ওঠার আগে তাই একটু স্নায়ুচাপে ভোগাই স্বাভাবিক মাশরাফির।
সফরটা ওয়েস্ট ইন্ডিজে বলে চাপ আরেকটু বেশি হওয়ার কথা। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজে গিয়েই চোট নিয়ে মাঝপথে দেশে ফিরলেন, লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ক্রিকেট থেকে। তবে কাল প্রসঙ্গটা তুলতেই মাশরাফি একচোট হেসে নিয়ে বললেন, ‘এখন আর কোনো টেনশন কাজ করে না। আর বছর দুয়েক হয়তো খেলব। ২০১৬ সাল পর্যন্ত খেলে যেতে পারলেই হয়।’
ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে শেষ দিনে বাবার সঙ্গে শপিংয়ে বেরিয়েছিলেন তরুণ পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের হয়ে প্রথম বিদেশ সফর। বাবা হয়তো নিজে পছন্দ করে ছেলেকে কিছু কিনে দিয়েছেন। শপিংয়ের ফাঁকে তাসকিন মুঠোফোনে বলছিলেন এই সফর নিয়ে তাঁর লক্ষ্য আর রোমাঞ্চের কথা, ‘আমি চাই ধারাবাহিকভাবে ভালো খেলতে। জাতীয় দলে আসার পর প্রথম সফর...এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজে ভালো ভালো ব্যাটসম্যান আছে। গেইল, ব্রাভো...আমি ওদের উইকেট নিতে চাই। চাই আক্রমণাত্মক বোলিং করতে।’
একসময় ওয়েস্ট ইন্ডিজের উইকেট ছিল পেসারদের স্বর্গ। এখন সেখানে স্পিনারদের আনন্দনৃত্যই বেশি। তাসকিন সেটা জেনেও আশাবাদী, ‘উইকেট যেমনই হোক, ভালো জায়গায় বল ফেলাই গুরুত্বপূর্ণ।’
আরেক পেসার রুবেল হোসেনের দর্শনও প্রায় একই, ‘ওয়েস্ট ইন্ডিজে বাউন্সি উইকেট পেলেই খুশি হব। আমাদের দেশে ওরকম উইকেট পাই না। আর যদি উইকেট অমন বাউন্সি না হয়, চেষ্টা করব ভালো জায়গায় বল করতে।’ জাতীয় দলে তাসকিনের আগমন কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে রুবেলকে। নিজেও বললেন, ‘জানি, নিজের জায়গা থেকে আমি অনেকটাই পিছিয়ে পড়েছি। সুযোগ পেলে চেষ্টা করব আগের জায়গায় ফিরতে। সব সময়ই চেষ্টা করি ভালো কিছু করার। কখনো হয়, কখনো হয় না...।’ তবে এবার হবে বলেই আশা রুবেলের, ‘কিছুদিন ধরে খুব ভালো বল করছি। প্র্যাকটিস ম্যাচ দুটিতেও খারাপ করিনি। আশা করি ওয়েস্ট ইন্ডিজে ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

নাসির হোসেন
নাসির হোসেন


গত মে-জুনে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন নাসির হোসেন, শামসুর রহমান, ইমরুল কায়েস ও মুমিনুল হক। ‘এ’ দল সব ম্যাচই বার্বাডোজে খেলেছিল, যেখানে এবার কোনো ম্যাচই নেই। তবু শামসুরের বিশ্বাস, ‘এ’ দলের হয়ে খেলে আসার অভিজ্ঞতা কাজে লাগবে। কাজেই উইকেট নয়, শামসুরের চিন্তার কারণ হয়ে উঠতে পারে অন্য একটা ব্যাপার। দলে যে এবার ওপেনারই আছেন চারজন! তবে শামসুর মেনে নিচ্ছেন বাস্তবতা, ‘ওপেনিংয়ে প্রথম পছন্দ তামিম আর বিজয়ই (এনামুল হক) হবে। ওরা কেউ ব্যর্থ হলে হয়তো আমি সুযোগ পাব। সুযোগ পেলে চেষ্টা করব ভালো খেলতে।’
কোচ চন্ডিকা হাথুরুসিংহের মাথায় অবশ্য ব্যাটিং অর্ডার নিয়ে নতুন অনেক পরীক্ষা-নিরীক্ষা ঘুরছে। তারই অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজে শামসুরকে দেখা যেতে পারে মিডল অর্ডারেও। ‘আমাকে হয়তো মিডল অর্ডারেও ব্যাট করতে হতে পারে। আমিও সেভাবেই তৈরি হচ্ছি’—বলছিলেন শামসুর নিজেই।

তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

জাতীয় দল এবং ‘এ’ দলের অধিনায়ক হিসেবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও সময়টা ভালো কাটেনি নাসিরের। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই দুঃসময় কাটিয়ে ওঠার লক্ষ্য তাঁর। তবে নাসির বেশি গুরুত্ব দিচ্ছেন দল হিসেবে ভালো খেলার ওপর, ‘আমরা দল হিসেবে ভালো খেলছি না। আমাদের মধ্যে এ নিয়ে কথা হয়েছে। সবারই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ থেকে দল হিসেবে ভালো ফল নিয়ে ফেরা।’
কোচ বলে দিয়েছেন, টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই তিনে নামবেন ইমরুল কায়েস। ইমরুলও তাতে রাজি। কারণ, ওপেনিং আর তিন নম্বরে খুব একটা পার্থক্য দেখেন না তিনি। যেখানেই খেলেন, ‘এ’ দলের হয়ে খেলে আসার অভিজ্ঞতা কাজে দেবে মনে করছেন এই বাঁহাতি, ‘আমরা সব ম্যাচ বার্বাডোজে খেলেছিলাম। সেখানকার উইকেট হলো ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে গতিময়। বারবাডোজের উইকেটে খেলে আসায় এখন আর অন্য উইকেটে খেলতে সমস্যা হবে না।’
ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফর একেক জনের জন্য একেক রকম হাতছানি। তবে সবকিছুর যোগফল বোধ হয় একটাই—হতাশার দুঃসময় কাটিয়ে বাংলাদেশ দল জ্বলে উঠুক নতুন আলোয়।