নতুন ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের নতুন ওয়ানডে অধিনায়ক জেমস টেলর। নতুন অধিনায়কের দলে নতুন পাঁচ মুখ—জাফর আনসারি, স্যাম বিলিংস, জেমস ভিন্স, লুইস গ্রেগরি ও ডেভিড উইলি। ৮ মে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠেয় ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সেটি একরকম নতুন ইংল্যান্ডই।
ইংল্যান্ড দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সফর শেষ করে যেদিন ফিরবেন ক্রিকেটাররা, পরের দিনই আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে। দলের গুরুত্বপূর্ণ এবং সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতেই মূলত ইসিবি নির্বাচকেরা ঝুঁকে পড়েছেন তরুণদের দিকে।
আরেকটা কারণ, চার বছর পর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় নেওয়া ইংল্যান্ডকে নতুন করে গড়ে তুলতে চাইছেন নির্বাচকেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকেই সুযোগ হিসেবে নিয়েছেন তাঁরা—ম্যাচের জন্য নতুন অধিনায়কের অধীনে খেলাতে চাইছেন একঝাঁক আনকোরা ক্রিকেটারকে।
নির্বাচকেরা যে লক্ষ্যেই দল গড়ুন না কেন, এক ম্যাচের জন্য ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ১৮ ম্যাচ খেলা টেলর, ‘দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াটা দারুণ সম্মানের।’ ইংল্যান্ডের নিয়মিত উইকেটরক্ষক জস বাটলারের কভার হিসেবে ক্যারিবিয়ান সফরে থাকা জোনাথন বেয়ারস্টো আছেন ঘোষিত ১১ সদস্যের দলে।
১১ সদস্যের ইংল্যান্ড দল: জেমস টেলর (অধিনায়ক), জাফর আনসারি, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, টিম ব্রেসনান, স্টিভেন ফিন, লুইস গ্রেগরি, অ্যালেক্স হেলস, জেসন রয়, জেমস ভিন্স ও ডেভিড উইলি। এএফপি।