নতুন উচ্চতায় সাকিব-মাশরাফি

উপন্যাসের চিত্রনাট্যটাই যেন লেখা ছিল এভাবে। সাকিব জানতেন মুহূর্তটা আসবেই, জানতেন সেটা শুধুই সময়ের ব্যাপার। কিন্তু এই ম্যাচেই যে সেটি চলে আসবে সেটি কি ভেবেছিলেন? মাশরাফির জন্য মাইলফলকটা ছিল আরও কাছে। তবে একই ম্যাচে বাংলাদেশের দুজন ২০০ উইকেটশিকারি ক্লাবে ঢুকে যাবেন, সেটা তো একটু দূরের ভাবনাই ছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে চট্টগ্রামের ম্যাচটি বাংলাদেশের বোলিং ইতিহাসে তাই একটা স্থায়ী দাগই রাখল।
পরশু সংবাদ সম্মেলনে এসেই সাকিব দাবি করেছিলেন, নিজের বোলিং নিয়ে একদমই চিন্তিত নন। জানিয়েছিলেন, দলের জন্য অবদান রাখতে পেরেই তিনি খুশি। তবে কাল যেভাবে অবদান রাখলেন, গত বেশ কিছুদিন সেই সাকিবের অভাবটা অনুভব করছিল বাংলাদেশ। কালকের আগের চার ম্যাচে মাত্র ১ উইকেট তো সাকিবের সঙ্গে ঠিক যায় না!
ফ্যাফ ডু প্লেসিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেই আভাস দিয়েছিলেন, দিনটা তাঁর হতে যাচ্ছে। এই সিরিজে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা হাশিম আমলাকে ক্যাচ বানিয়ে পেলেন নিজের ২০০তম উইকেট। পরে ফারহান বেহারডিয়েনকে আউট করে পেয়েছেন নিজের তৃতীয় উইকেট। এর আগে আবদুর রাজ্জাকেরই শুধু বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে ২০০ উইকেট ছিল, সাকিব ঢুকে গেলেন সেই অভিজাত ক্লাবে।

এমনিতে বাংলাদেশের ব্যাট-বলে অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন। কাল ২০০ উইকেট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের আরেকটি অভিজাত ক্লাবেরও সদস্য হয়েছেন। ৪০০০ রান ও ২০০ উইকেটের ‘ডাবল’ ওয়ানডেতে ছিল শুধু ছয়জন ক্রিকেটারের। প্রথমে এই কীর্তিটা গড়েছেন সনাৎ জয়াসুরিয়া, তার পর ক্রিস হ্যারিস, জ্যাক ক্যালিস, ক্রিস কেয়ার্নস, আবদুল রাজ্জাক ও শহীদ আফ্রিদি। সাকিব একটা দিক দিয়েও ছাড়িয়ে গেছেন পূর্বসূরিদের। সবচেয়ে কম ১৫৬ ম্যাচ খেলে এই ডাবল হলো তাঁর। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন হ্যারিস (২৪৪টি), সাকিবের কাছাকাছি ছিলেন রাজ্জাক (২০৪টি)। ও হ্যাঁ, আরেকটি রেকর্ডও হয়ে গেছে, দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেটও এখন তাঁর।
মাশরাফিও জানতেন মুহূর্তটা আসবে, কিন্তু সেটার জন্য তাঁর অপেক্ষা ছিল সাড়ে ছয় বছর। ২০০১ সালে অভিষেকের পর থেকেই চোটের সঙ্গে নিরন্তর লড়াই করেছেন, শততম উইকেটটি পেয়েছেন ২০০৮ সালে। আর সাকিব শুরুটা ধীরলয়ে করেও পরে ছুটেছেন এক্সপ্রেস গতিতে, শততম উইকেট পেয়েছেন অভিষেকের চার বছর পর। ২০১০ সালে ইংল্যান্ডের সঙ্গেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ছুঁয়ে ফেলেন এই মাইলফলক।
মাশরাফির ২০০ উইকেট অবশ্য শুধুই বাংলাদেশের পক্ষে নয়। এর একটি পেয়েছেন বিশ্ব একাদশের পক্ষে। বাংলাদেশের হয়ে তাই মাশরাফির উইকেট তাই ১৯৯টি। ম্যাচের হিসেবে দুই ‘শতকে’র দূরত্ব অবশ্য প্রায় সমান। ৭৮ ম্যাচে পেয়েছেন প্রথম ১০০ উইকেট, ৭৯ ম্যাচে দ্বিতীয় ১০০।
ম্যাচের হিসাবে সাকিব-মাশরাফি প্রায় একই সমতলে। শততম উইকেটের জন্য ৮৮ ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল সাকিবকে, পরের ১০০ উইকেট এসেছে মাত্র ৬৮ ম্যাচ খেলেই। পরের মাইলফলকের জন্য অপেক্ষাটা কি আরও কমবে?
